বাংলাফ্লো প্রতিবেদক
ঢাকা: রাজধানী ঢাকাসহ দেশের প্রধান ও বড় শহরগুলোতে সম্ভাব্য বড় ধরনের ভূমিকম্প মোকাবিলায় বিদ্যমান সরকারি ও প্রাতিষ্ঠানিক প্রস্তুতি কেমন রয়েছে, তা দ্রুত খতিয়ে দেখার কঠোর নির্দেশ দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। একই সঙ্গে দুর্যোগপ্রবণ এলাকাগুলোতে দ্রুত আগাম সতর্কবার্তা পৌঁছানো এবং আশ্রয়কেন্দ্রগুলোর আধুনিক ও স্বাস্থ্যসম্মত ব্যবস্থাপনা নিশ্চিত করার জোর সুপারিশ করা হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি মুন্সী রফিকুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ নির্দেশনা দেওয়া হয়। বৈঠকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু, প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইনসহ সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, এস এ জিন্নাহ কবীর, নাদিয়া পাঠান পাপন, মোসাম্মৎ শাম্মী আক্তার, এ টি এম আজহারুল ইসলাম ও মুহাম্মদ আলী আছগার অংশ নেন।
বৈঠকে ঢাকাসহ প্রধান শহরগুলোর ভূমিকম্প ঝুঁকি ও প্রস্তুতি সংক্রান্ত পূর্ণাঙ্গ তথ্য পরবর্তী সভায় উপস্থাপনের সুপারিশ করা হয়। এছাড়া জেলাভিত্তিক আশ্রয়কেন্দ্র ও স্বেচ্ছাসেবকদের হালনাগাদ তালিকা তৈরি করে স্থানীয় সংসদ সদস্যদের কাছে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে কর্মকর্তাদের সততা ও স্বচ্ছতা নিশ্চিত করার পাশাপাশি আশ্রয়কেন্দ্র নির্মাণে ঠিকাদাররা যাতে কোনো ধরনের নিম্নমানের সামগ্রী ব্যবহার করতে না পারে, সেজন্য কঠোর নজরদারি বজায় রাখার তাগিদ দেওয়া হয়।
বাংলাফ্লো/এম এইচ এইচ












