বাংলাফ্লো প্রতিবেদক
ঢাকা: বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী এক অনির্ধারিত সফরে হঠাৎ দিল্লিতে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (৬ অক্টোবর) দিল্লিতে স্থানীয় সময় বেলা ১টায় এই বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয় বলে নিশ্চিত করেছে বিবিসি।
কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর এবং দ্বিপাক্ষিক নানা অমীমাংসিত ইস্যু নিয়ে ঢাকার বর্তমান মনোভাব ঠিক কী, সেই বার্তা সরাসরি ভারতের শীর্ষ নেতৃত্বের কাছে পৌঁছে দিতেই হাইকমিশনারের এই ঝটিকা দিল্লি সফর। এর আগে সোমবার রাতে তিনি ঢাকা থেকে দিল্লির উদ্দেশে রওনা হন। তবে এই সফর নিয়ে ঢাকা বা দিল্লির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি।
উল্লেখ্য, বাংলাদেশের স্বাধীনতা-পরবর্তী ৫৫ বছরের ইতিহাসে দীনেশ ত্রিবেদী হলেন প্রথম ভারতীয় রাষ্ট্রদূত, যাকে রাজনৈতিক বিবেচনায় নিয়োগ দেওয়া হয়েছে এবং তার নিয়োগ চূড়ান্ত করেছে দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়। ফলে অন্য পেশাদার কূটনীতিকদের মতো পররাষ্ট্র মন্ত্রণালয়ে রিপোর্ট না করে তিনি সরাসরি প্রধানমন্ত্রী মোদির সঙ্গেই দেখা করেন।
বর্তমানে বাংলাদেশ-ভারত সম্পর্কের ক্ষেত্রে একাধিক বিষয় আলোচনার কেন্দ্রে রয়েছে। এর মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর চূড়ান্ত না হওয়া, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে ঢাকার দাবি এবং আগামী ডিসেম্বরে মেয়াদোত্তীর্ণ হতে যাওয়া ঐতিহাসিক ৩০ বছর মেয়াদি গঙ্গা পানি বণ্টন চুক্তির নবায়নে অচলাবস্থা অন্যতম। এসব জটিল দ্বিপাক্ষিক সমীকরণের মধ্যেই মোদি-ত্রিবেদী বৈঠককে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা।
বাংলাফ্লো/এম এইচ এইচ












