বিনোদন ডেস্ক
ঢাকা: নায়করাজ রাজ্জাকের হাত ধরে বাপ্পারাজের বিপরীতে ‘ঢাকা ৮৬’ সিনেমার মাধ্যমে রূপালী পর্দায় ঝলমলে অভিষেক হয়েছিল চিত্রনায়িকা রঞ্জিতার। একসময় দর্শকদের মুখে মুখে ফেরা সেই জনপ্রিয় অভিনেত্রী এখন শহুরে জীবনের আকাশছোঁয়া ব্যয় ও নিত্যদিনের চাহিদার সঙ্গে তাল মেলাতে না পেরে স্থায়ীভাবে গ্রামে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক আবেগঘন ও দীর্ঘ পোস্টে নিজের বর্তমান অসহায় পরিস্থিতির কথা তুলে ধরেছেন রঞ্জিতা। সেখানে তিনি জানান, মধ্যবিত্তদের জন্য শহরের জীবনযাপন দিন দিন অসহনীয় হয়ে উঠেছে এবং বাড়তি খরচের চাপ সামলাতে তিনি রীতিমতো হিমশিম খাচ্ছেন।
পোস্টে ক্ষোভ ও হতাশা প্রকাশ করে রঞ্জিতা লেখেন, মাসের পর মাস লাইনে গ্যাস না থাকলেও নিয়মিত গ্যাসের বিল পরিশোধ করতে হচ্ছে, আর বিদ্যুতের বাড়তি রেটের কারণে প্রিপেইড মিটারে ইলেকট্রিক চুলা ব্যবহার করাও কঠিন হয়ে পড়েছে। আয়-রোজগার না বাড়লেও এমন ডিজিটাল সিস্টেম কেবল বিত্তবানদের জন্যই সুবিধাজনক বলে মন্তব্য করেন তিনি।
রঞ্জিতা আরও উল্লেখ করেন, তিনি রাজনীতি বোঝেন না, কেবল সাধারণ ভাষায় ‘পেটনীতি’ বা রিজিকের হিসাব বোঝেন এবং মা-বাবা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর থেকে নিজের সব সমস্যা নিজেকেই সামলাতে হচ্ছে। সামনে শীত মৌসুমে গ্যাসের সংকট আরও বাড়বে ভেবেই তিনি ছেলেকে নিয়ে বগুড়ায় নিজ গ্রামে স্থায়ীভাবে চলে যাওয়ার মনস্থির করেছেন, কারণ ছেলের বাবা কখনোই সন্তানের খোঁজখবর নেন না।
উল্লেখ্য, ‘ঢাকা ৮৬’-এর পর ‘রাজামিস্ত্রী’, ‘জীনের বাদশা’, ‘কংফু কন্যা’, ‘মরণ লড়াই’ ও ‘ক্যারাটি মাস্টার’সহ প্রায় ২৯টি সিনেমায় অভিনয় এবং এক ডজনের বেশি ছবি প্রযোজনা করেছিলেন রঞ্জিতা। ১৯৯২ সালে অভিনেতা-প্রযোজক জাহাঙ্গীরকে বিয়ে করলেও ছয় বছরের মাথায় তাঁদের বিচ্ছেদ হয়ে যায় এবং সেই সংসারের একমাত্র ছেলেকে নিয়েই এখন নতুন করে বাঁচার লড়াই করছেন তিনি।
বাংলাফ্লো/এম এইচ এইচ










