বিনোদন ডেস্ক
ঢাকা: বলিউডে সহকর্মী ও ঘনিষ্ঠজনদের দামি উপহার দিয়ে চমকে দেওয়ার জন্য বরাবরই পরিচিত সুপারস্টার সালমান খান। এবার নিজের আসন্ন সিনেমা ‘মাতৃভূমি : মে ওয়ার রেস্ট ইন পিস’-এর অভিনয়শিল্পী ও কলাকুশলীদের জন্য এক বিশেষ ও ব্যয়বহুল উপহারের আয়োজন করে ফের শিরোনামে এলেন ভাইজান।
সিনেমাটির ট্রেলার প্রকাশের দুই দিন পর গত ১২ নভেম্বর মুম্বাইয়ের পানভেলে অবস্থিত নিজের বিলাসবহুল ফার্মহাউসে পুরো টিমকে আমন্ত্রণ জানান সালমান। প্রচারণার পরিকল্পনা নিয়ে আলোচনার কথা বলে ডেকে নিয়ে উপস্থিত সবার হাতে নিজেই একটি করে দামি সুইস ঘড়ি তুলে দিয়ে সবাইকে অবাক করে দেন তিনি।
মিড-ডের বরাত দিয়ে গালফ নিউজ জানিয়েছে, সালমান খান সেদিন ২০ থেকে ২৫টি ঘড়ি উপহার দিয়েছেন, যেগুলোর প্রতিটির মূল্য ভারতীয় মুদ্রায় আনুমানিক ২ থেকে ৬ লাখ রুপি। কাপুর ওয়াচ কোম্পানির মাধ্যমে সংগ্রহ করা এসব ঘড়ির মধ্যে পুরুষ সদস্যদের লংজিনস ও ট্যাগ হয়্যার এবং নারী সদস্যদের রাডো ব্র্যান্ডের ঘড়ি দেওয়া হয়।
পানভেলের সেই আনন্দঘন আয়োজনে উপস্থিত ছিলেন সিনেমাটির পরিচালক অপূর্ব লাখিয়া, অভিনেত্রী চিত্রাঙ্গদা সিং, অঙ্কুর ভাটিয়া, বিপিন ভরদ্বাজ, তানিয়া দেশাই এবং সংলাপ লেখক চিন্তন শাহসহ অনেকেই। অনুষ্ঠানের নানা মুহূর্তের ছবি এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
সালমান খান ফিল্মসের ব্যানারে নির্মিত ‘মাতৃভূমি’ একটি যুদ্ধভিত্তিক সিনেমা, যার নাম শুরুতে ছিল ‘ব্যাটল অব গালওয়ান’। সালমান জানান, এটি কোনো চীনবিরোধী বা জীবনীভিত্তিক ছবি নয়, বরং সীমান্তের দুই পাশের সেনাসদস্য ও তাঁদের পরিবারের জীবনের গল্প নিয়ে নির্মিত; চিত্রাঙ্গদার চোট ও ভিজ্যুয়াল ইফেক্টের সূক্ষ্ম কাজের জন্য সময় নিয়ে আগামী ৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি।
বাংলাফ্লো/এম এইচ এইচ












