বিনোদন ডেস্ক
ঢাকা: হিমেল আশরাফের পরিচালনায় ঢালিউড সুপারস্টার শাকিব খানের আসন্ন সিনেমা ‘মোহাব্বাত’-এ তাঁর বিপরীতে নায়িকা হিসেবে কে থাকছেন, তা নিয়ে সিনেমাপ্রেমীদের মাঝে তুমুল কৌতূহল বিরাজ করছে। এরই মধ্যে সিনেমাটির প্রযোজক আরশাদ আদনানের একটি রহস্যময় ও ইঙ্গিতপূর্ণ ফেসবুক পোস্টকে ঘিরে ঢালিউডপাড়ায় নতুন করে আলোচনার ঝড় উঠেছে।
সম্প্রতি প্রযোজক আরশাদ আদনান তাঁর ব্যক্তিগত ফেসবুক পেজে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কিয়ারা আদভানির একটি ছবি শেয়ার করেছেন এবং ক্যাপশনে লিখেছেন মাত্র একটি শব্দ—‘নেক্সট’। ছবিটি ‘এসকোয়ার ইন্ডিয়া’র একটি ফটোশুটের বলে জানা গেছে, যেখানে কিয়ারাকে কমলা রঙের পোশাক, রঙিন স্ট্রাইপের টপ এবং বেইজ রঙের ‘SOBO PERSON’ লেখা ক্যাপে দেখা যায়।
প্রযোজক ক্যাপশনে বাড়তি কোনো ব্যাখ্যা না দিলেও পোস্টটি প্রকাশের পরপরই নেটিজেন ও চলচ্চিত্র সংশ্লিষ্টদের মধ্যে জোর গুঞ্জন ছড়িয়ে পড়েছে। অনেকেই ধারণা করছেন, ‘কবির সিং’ খ্যাত এই বলিউড সুন্দরীই হয়তো হতে যাচ্ছেন শাকিব খানের ‘মোহাব্বাত’ সিনেমার নায়িকা।
আরশাদ আদনান ও হিমেল আশরাফের যৌথ প্রচেষ্টায় নির্মিত শাকিব খানের আগের দুটি ব্যবসাসফল সিনেমা ‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’-এও বিদেশি অভিনেত্রীকে নায়িকা হিসেবে দেখা গিয়েছিল। ‘প্রিয়তমা’র মাধ্যমে ঢালিউডে অভিষেক ঘটে পশ্চিমবঙ্গের ইধিকা পালের এবং ‘রাজকুমার’-এ শাকিবের সঙ্গে জুটি বাঁধেন মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি।
এর আগেও আভাস পাওয়া গিয়েছিল যে ‘মোহাব্বাত’ সিনেমায় শাকিব খানের বিপরীতে আন্তর্জাতিক অঙ্গনের কোনো তারকাকে নেওয়া হতে পারে এবং সে সময় ভারত ও পাকিস্তানের কয়েকজন অভিনেত্রীর নাম নিয়ে আলোচনা চলছিল। এখন ‘নেক্সট’ পোস্টের পর কিয়ারা আদভানিকে ঘিরে তৈরি হওয়া এই গুঞ্জন কতটা সত্যি, তা জানতে আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় রয়েছেন ভক্তরা।
বাংলাফ্লো/এম এইচ এইচ










