জেলা প্রতিনিধি
বাগেরহাট: বাগেরহাটের ফকিরহাটে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান মিল্ক ভিটার চেয়ারম্যান আমির হামজা সাথিলের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) রাত ১০টা ২১ মিনিটের দিকে মোটরসাইকেলে করে আসা দুই অজ্ঞাত যুবক বাড়িটি লক্ষ্য করে পরপর তিনটি পেট্রোল বোমা ছুড়ে দ্রুত পালিয়ে যান।
হামলার এই ঘটনার ছয় সেকেন্ডের একটি ভিডিও ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছড়িয়ে পড়া ওই ভিডিওতে স্পষ্টভাবে দেখা যায়, মোটরসাইকেলে থাকা দুই যুবক বাড়ির দিকে লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করেই মুহূর্তের মধ্যে ঘটনাস্থল ত্যাগ করছেন।
আমির হামজা সাথিলের বাড়ি ফকিরহাট উপজেলার বাহিরদিয়া ইউনিয়নের সরকারি মহিলা কলেজ সংলগ্ন এলাকায় অবস্থিত। ঘটনার সময় বাড়ির ভেতরে তার চাচা ও পরিবারের অন্যান্য সদস্যরা অবস্থান করছিলেন; তবে নিক্ষিপ্ত পেট্রোল বোমাগুলো বাড়ির সামনের রাস্তায় পড়ে বিস্ফোরিত হওয়ায় ঘরবাড়ি বা কোনো মানুষের ক্ষয়ক্ষতি হয়নি।
অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেলেও এই ঘটনায় পুরো এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রজিউল্লাহ খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, পুলিশ ইতোমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং জড়িতদের শনাক্ত করতে ও আইনি ব্যবস্থা নিতে তদন্ত কাজ চালিয়ে যাচ্ছে।
বাংলাফ্লো/এম এইচ এইচ












