জেলা প্রতিনিধি
গাজীপুর: ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে গাজীপুরের বাঘের বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করেছেন কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মাইকিং করে তাদের সড়কের পাশ থেকে সরিয়ে দেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সকালে শ্রমিকরা কারখানায় কাজে যোগ না দিয়ে কর্মবিরতি শুরু করেন। এমন পরিস্থিতিতে বাঘের বাজার এলাকার পাঁচটি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়। এরপর বিক্ষুব্ধ শ্রমিকরা জড়ো হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে অবস্থান নিয়ে সড়ক অবরোধের চেষ্টা চালান।
খবর পেয়ে পুলিশ, বিজিবি ও আনসার বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং মাইকিং করে শ্রমিকদের শান্ত করেন। একপর্যায়ে শ্রমিকরা মহাসড়কের পাশ থেকে সরে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়। এদিকে জেলার ভোগড়া, কোনাবাড়ী ও বাংলাবাজারসহ অন্যান্য শিল্পাঞ্চলের বেশিরভাগ কারখানায় শ্রমিকরা স্বাভাবিকভাবে কাজে যোগ দিয়েছেন বলে জানা গেছে।
গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, বৃহস্পতিবার সকাল থেকে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কোথাও বড় ধরনের বিশৃঙ্খলা নেই। বাঘের বাজারে সামান্য উত্তেজনা দেখা দিলেও তা দ্রুত সমাধান করা হয়েছে এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে পুলিশ, বিজিবি ও আনসার সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।
বাংলাফ্লো/এম এইচ এইচ











