বিনোদন ডেস্ক
ঢাকা: চলচ্চিত্রে গল্প ও চিত্রনাট্যের যৌক্তিক প্রয়োজন ছাড়া অনাকাঙ্ক্ষিত নগ্নতা প্রদর্শন এবং শুটিং সেটে নির্মাতাদের পক্ষ থেকে অশালীন প্রস্তাবের শিকার হওয়া নিয়ে তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন বলিউড ও দক্ষিণ ভারতীয় সিনেমার শক্তিশালী অভিনেত্রী রাধিকা আপ্তে। সম্প্রতি এক বিস্ফোরক সাক্ষাৎকারে সিনেমা ইন্ডাস্ট্রির নেপথ্যের অস্বস্তিকর বাস্তবতা ও কুরুচিকর মানসিকতার বিরুদ্ধে সরাসরি মুখ খুলেছেন তিনি।
রাধিকা জানান, ক্যারিয়ারের শুরুর দিকে চার-পাঁচটি চলচ্চিত্রে সাহসী ও ব্যতিক্রমী চরিত্রে অভিনয় করার কারণে ইন্ডাস্ট্রির একাংশ ধরে নিয়েছিল যে তিনি যেকোনো আপত্তিকর দৃশ্যে অনায়াসেই রাজি হয়ে যাবেন। রাধিকার ভাষায়, “তারা মনে করত ‘এ তো চাইলেই কাপড় খুলে ফেলবে!’ কিন্তু আমাকে বারবার তাদের স্পষ্ট ভাষায় বলতে হয়েছে—‘আমি কোনো অবস্থাতেই এটা করব না।’ এমনকি অপ্রয়োজনীয় ঘনিষ্ঠ দৃশ্য জোরপূর্বক যুক্ত করার চেষ্টাতেও আমি সরাসরি ‘না’ বলে দিয়েছি।”
সবচেয়ে বাজে ও চরম অস্বস্তিকর অভিজ্ঞতার স্মৃতিচারণ করতে গিয়ে রাধিকা একটি অ্যাকশন দৃশ্যের শুটিংয়ের কথা তুলে ধরেন। তিনি বলেন, “ছবির সেটে আমাকে বলা হয়েছিল শার্টের বোতাম খুলে অ্যাকশন দৃশ্যে অংশ নিতে। আমি যখন বলি মারামারি করলে শার্ট তো খুলে শরীর অনাবৃত হয়ে যাবে, তখন নির্মাতারা নির্লজ্জভাবে প্রস্তাব দেন—‘তাহলে শুধু অন্তর্বাস পরে শুটটা করে ফেললে কেমন হয়?’ এই চরম কুরুচিকর কথা শুনে আমি স্তম্ভিত হয়ে যাই।” রাধিকা জোর দিয়ে বলেন, একজন নারী শিল্পীর পেশাদারিত্ব ও আত্মমর্যাদাকে সম্মান করা যেকোনো ইন্ডাস্ট্রির জন্য বাধ্যতামূলক হওয়া উচিত।
বাংলাফ্লো/এম এইচ এইচ









