বাংলাফ্লো প্রতিনিধি
ঢাকা: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম মুখ শরিফ ওসমান হাদির জানাজায় অংশ নিতে সকাল থেকেই জাতীয় সংসদ ভবন সংলগ্ন মানিক মিয়া এভিনিউতে মানুষের ঢল নেমেছে। শনিবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে বিভিন্ন স্থান থেকে মিছিল সহকারে হাজারো মানুষ জানাজাস্থলে সমবেত হতে শুরু করেছেন।
সরেজমিনে দেখা যায়, একের পর এক মিছিল মানিক মিয়া এভিনিউতে প্রবেশ করছে। মিছিলে আকাশ-বাতাস প্রকম্পিত হচ্ছে—‘আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাবো’, ‘হাদি ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না’ স্লোগানে। শোক ও ক্ষোভের এক মিশ্র আবহে হাজারো মানুষ প্রিয় নেতাকে শেষ বিদায় জানাতে অপেক্ষা করছেন।
হাদির জানাজাকে কেন্দ্র করে মানিক মিয়া এভিনিউ ও এর আশেপাশের এলাকায় নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক পুলিশ, র্যাব ও আনসার সদস্য। পাশাপাশি সেনাবাহিনীর টহলও জোরদার করা হয়েছে। প্রবেশ পথগুলোতে কড়া নজরদারি ও তল্লাশি চালানো হচ্ছে। আনসার বাহিনী জানিয়েছে, মাঠে তাদের ৮৭০ জন সদস্য দায়িত্ব পালন করছেন।
ইনকিলাব মঞ্চের ঘোষণা অনুযায়ী, আজ বাদ জোহর মানিক মিয়া এভিনিউতে হাদির জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হবে। এর আগে আজ সকালে সোহরাওয়ার্দী হাসপাতালে মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।
ওসমান হাদির মৃত্যুতে আজ দেশজুড়ে রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। জামায়াতে ইসলামীর আমুীর ডা. শফিকুর রহমান দল-মতের ঊর্ধ্বে উঠে সবাইকে হাদির জানাজায় অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর নির্বাচনী প্রচারণায় গুলিবিদ্ধ হওয়ার পর গত বৃহস্পতিবার সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হাদি।
বাংলাফ্লো/এফআইআর












