বিনোদন ডেস্ক
ঢাকা: নাটক বা সিনেমা কেবল বিনোদনের মাধ্যম নয়, এটি মানুষের মনন ও যাপনের দর্পণ—এমনটাই মনে করেন দেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। সম্প্রতি একটি পডকাস্টে অতিথি হিসেবে হাজির হয়ে তিনি বলেন, সমাজে সবার শিল্পী হওয়ার প্রয়োজন নেই, কিন্তু প্রতিটি মানুষের মধ্যে ‘শিল্পবোধ’ থাকাটা অত্যন্ত জরুরি।
শিল্পবোধের অভাব কীভাবে পরিবেশ ও সমাজকে ক্ষতিগ্রস্ত করছে, তার উদাহরণ দিতে গিয়ে অভিনেতা ঢাকার বুড়িগঙ্গা নদীর কথা উল্লেখ করেন। তিনি বলেন, “আজ মানুষের মধ্যে শিল্পবোধ থাকলে বুড়িগঙ্গার পানি এত দূষিত হতো না। কারণ, যার ভেতরে সুন্দরের বোধ আছে, সে কখনোই পানিতে ময়লা ফেলে তা নষ্ট করতে পারত না।”
বর্তমান সময়ে শিল্প-সংস্কৃতির প্রয়োজনীয়তা নিয়ে ওঠা প্রশ্নের জবাবে মোশাররফ করিম নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরেন। তিনি জানান, অভিনয় তাকে প্রতিদিন সৎ মানুষ হতে শিখিয়েছে। তার মতে, একজন প্রকৃত শিল্পী কখনোই ধ্বংসাত্মক কাজ বা সন্ত্রাসের সঙ্গে যুক্ত হতে পারেন না। শিল্পের চর্চা মানুষের ব্যক্তিত্ব গঠনে সহায়তা করে।
তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, সব মানুষ পেশাদার শিল্পী না হলেও, তাদের অন্তরে যেন ন্যূনতম শিল্পবোধটুকু জাগ্রত থাকে, যা একটি সুন্দর সমাজ গড়তে সাহায্য করবে।
বাংলাফ্লো/এফআইআর






