শিক্ষা ডেস্ক
ঢাকা: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানিয়েছেন, ২০২৮ সালের পর দেশের কোনো প্রাথমিক শ্রেণিকক্ষে অপ্রশিক্ষিত শিক্ষক পাঠদান করবেন না। সরকারি, বেসরকারি, কিন্ডারগার্টেন কিংবা ইংরেজি মাধ্যম—সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানের জন্যই এই নীতি প্রযোজ্য হবে। সোমবার (২২ জুন) রাজধানীর ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশে (আইইউবি) আয়োজিত ‘আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট নীতিমালা’ শীর্ষক এক জাতীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান।
শিক্ষার প্রকৃত উন্নয়নে শুধু অবকাঠামো নির্মাণই যথেষ্ট নয় উল্লেখ করে প্রতিমন্ত্রী দক্ষ শিক্ষক, যুগোপযোগী কারিকুলাম এবং শিশুদের জন্য আনন্দময় শিক্ষার পরিবেশ নিশ্চিত করার ওপর জোর দেন। তিনি জানান, আগামী এক বছরের মধ্যে কারিকুলাম পুনর্বিন্যাসের কাজ সম্পন্ন করার লক্ষ্যে সরকার কাজ করছে এবং এনসিটিবিকে সম্পূর্ণ প্রভাবমুক্ত ও স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়া হবে। এছাড়া শিক্ষার্থীদের পর্যাপ্ত সময় ও মনোযোগ নিশ্চিত করতে পর্যায়ক্রমে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ‘ওয়ান-শিফট’ স্কুলে রূপান্তর করার পরিকল্পনার কথাও জানান তিনি। অনুষ্ঠানে আইইউবির উপাচার্য অধ্যাপক ম. তামিম, জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির মহাপরিচালক ফরিদ আহমদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
বাংলাফ্লো/এফআইআর




