বাংলাফ্লো প্রতিবেদক
ঢাকা: রাজধানীর লালবাগে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের হওয়া একটি মামলায় যুব মহিলা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শারমিন সুলতানা সর্মিকে (৪৪) গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৪ অক্টোবর) সকালে ডিএমপির লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মোস্তাক সরকার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায় শারমিন সুলতানা সর্মি লালবাগের শেখ সাহেব বাজার এলাকায় অবস্থান করছেন। এরপর তথ্যের সত্যতা যাচাই করে লালবাগ থানা পুলিশের একটি দল সেখানে তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে হেফাজতে নেয়।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার শারমিন সুলতানা সর্মি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ইডেন মহিলা কলেজ শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরবর্তী সময়ে তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক এবং ২০১৭ থেকে ২০২২ সাল পর্যন্ত যুব মহিলা লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
বাংলাফ্লো/এম এইচ এইচ









