বিনোদন ডেস্ক
ঢাকা: ১০ বছরের দীর্ঘ প্রেমের সম্পর্ক ও দাম্পত্য জীবনের ইতি টেনে বিবাহবিচ্ছেদের ঘোষণা দিলেন শোবিজ অঙ্গনের জনপ্রিয় তারকা জুটি প্রীতম হাসান ও শেহতাজ মনিরা হাশেম। রোববার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে এক যৌথ বিবৃতির মাধ্যমে নিজেদের বিচ্ছেদের আনুষ্ঠানিক খবর জানান তারা।
যৌথ বিবৃতিতে তারা জানান, পারস্পরিক বোঝাপড়ার কিছু বড় পার্থক্যের কারণেই তারা আলাদা পথে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এটি কোনো আকস্মিক সিদ্ধান্ত নয়; বরং দীর্ঘ সময় ধরে নিজেদের মধ্যে আলোচনা এবং দুই পরিবারের পূর্ণ সম্মতি ও সমর্থন নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রীতম ও শেহতাজ দুজনেই একসঙ্গে কাটানো সুন্দর সময়, স্মৃতি ও অভিজ্ঞতার জন্য পরস্পরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
একই সঙ্গে জীবনের এই কঠিন সন্ধিক্ষণে তাদের ব্যক্তিগত গোপনীয়তা ও অনুভূতির প্রতি সম্মান প্রদর্শনের জন্য ভক্ত, শুভাকাঙ্ক্ষী ও গণমাধ্যমের প্রতি বিনীত অনুরোধ জানিয়েছেন এই তারকা জুটি। উল্লেখ্য, ২০১৭ সালে ‘জাদুকর’ গানের শুটিং থেকে তাদের প্রেমের সূচনা হয়েছিল। এরপর দীর্ঘ পাঁচ বছর প্রেম শেষে ২০২২ সালের অক্টোবরে শ্রীমঙ্গলে জমকালো আয়োজনে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন।
বাংলাফ্লো/এম এইচ এইচ












