বাংলাফ্লো প্রতিবেদক
ঢাকা: জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সম্মুখযোদ্ধা ও ইনকিলাব মঞ্চের নিহত মুখপাত্র শরিফ ওসমান হাদির ভাই ওমর বিন হাদি নিজের ও হাদির সন্তানের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। শনিবার (২৪ জানুয়ারি) রাত ৮টার দিকে রাজধানীর শাহবাগ থানায় তিনি এই জিডি করেন।
শাহবাগ থানার ওসি মো. মনিরুজ্জামান জিডির বিষয়টি নিশ্চিত করেছেন। জিডিতে ওমর বিন হাদি উল্লেখ করেন, ‘শহীদ ওসমান হাদি খুন হওয়ার পর থেকে আমি ও হাদির সন্তানকে খুন করা হতে পারে এমন আশঙ্কা করছি। হাদির খুনি চক্র গ্রেফতার না হওয়ায় যেকোনো সময় অপ্রীতিকর ঘটনা ঘটাতে পারে।’
জিডিতে তিনি আরও অভিযোগ করেন, সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন গ্রুপ ও আইডি থেকে তার পরিবারের সুনাম ক্ষুণ্ন করতে অপপ্রচার চালানো হচ্ছে এবং তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। এই পরিস্থিতিতে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
মাত্র এক সপ্তাহ আগে, গত ১৫ জানুয়ারি সরকার ওমর বিন হাদিকে যুক্তরাজ্যের বার্মিংহামে বাংলাদেশ সহকারী হাই কমিশনে দ্বিতীয় সচিব হিসেবে নিয়োগ দেয়। উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়া শরিফ ওসমান হাদি গত ১২ ডিসেম্বর বিজয়নগরে গণসংযোগকালে গুলিবিদ্ধ হন এবং ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
বাংলাফ্লো/এফআইআর






