বাংলাফ্লো প্রতিবেদক
ঢাকা: রাজধানীর মহাখালীতে হঠাৎ ঝটিকা মিছিল বের করেছে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। মিছিল চলাকালে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। এ ঘটনায় অভিযান চালিয়ে এক নারীসহ চারজনকে আটক করেছে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ। বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ৯টার দিকে মহাখালী বাস টার্মিনাল এলাকায় এই ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল সোয়া ৯টার দিকে মহাখালীর আইসিডিডিআরবি (আন্তর্জাতিক উদরাময় রোগ গবেষণাকেন্দ্র, বাংলাদেশ) ভবনের সামনে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের কয়েকজন নেতা-কর্মী জড়ো হন। এরপর তারা সেখান থেকে একটি ঝটিকা মিছিল নিয়ে মহাখালী বাস টার্মিনালের দিকে অগ্রসর হতে থাকেন। মিছিলটি টার্মিনাল এলাকায় পৌঁছালে তাদের সঙ্গে মহিলা লীগেরও কয়েকজন সদস্য যুক্ত হন। এ সময় হঠাৎ মিছিল থেকে ৪-৫টি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করেন তারা।
খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায় তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ। এ সময় মিছিল থেকে এক নারীসহ মোট চারজনকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে তিনজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন—মিজানুর রহমান হাওলাদার (৪০), শামীম হোসেন (৪৮) এবং শামীম আরা বেবি (৫০)।
এ বিষয়ে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আওয়ামী লীগের কয়েকজন নেতা-কর্মী মিলে এই ঝটিকা মিছিল বের করেছিল এবং তারা ৪-৫টি ককটেলের বিস্ফোরণ ঘটায়। খবর পেয়ে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে চারজনকে আটক করে। আটকদের বিরুদ্ধে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় আইনানুগ ব্যবস্থা ও মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
অন্যদিকে, ডিএমপির তেজগাঁও শিল্পাঞ্চল জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) আব্দুল্লাহ আল ইমরান গণমাধ্যমকে জানান, আটককৃত ব্যক্তিদের বর্তমানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কোনো সুনির্দিষ্ট রাজনৈতিক দলের এ ধরনের কর্মসূচির বিষয়ে পুলিশের কাছে আগে থেকে কোনো তথ্য ছিল না। পুরো বিষয়টি নিয়ে নিবিড় তদন্ত চলছে।
বাংলাফ্লো/এফআইআর




