বিনোদন ডেস্ক
ঢাকা: বলিউডের নারী তারকাদের অনুমতিহীন ও আপত্তিকর কোণ থেকে ছবি তোলা নিয়ে মুম্বাইয়ের ছবিশিকারীদের (পাপারাজ্জি) সরাসরি সতর্ক করলেন জনপ্রিয় কোরিওগ্রাফার ও চলচ্চিত্র পরিচালক ফারাহ খান। সম্প্রতি মুম্বাইয়ের একটি স্থানে গাড়ি থেকে নামার সময় একদল আলোকচিত্রী ছবি তোলার জন্য দ্রুত এগিয়ে এলে ফারাহ তাদের আসার কারণ জানতে চান। পরবর্তীতে তাদের ছবি তোলার আবদার মেনে নিলেও কোনোভাবেই যেন অনাকাঙ্ক্ষিত বা অশোভন অ্যাঙ্গেল থেকে ফ্রেমবন্দি না করা হয়, সে বিষয়ে কড়া নির্দেশ দেন তিনি।
এ সময় মেগাস্টার সালমান খানের কঠোর হুঁশিয়ারির কথা মনে করিয়ে দিয়ে রসিকতার সুরে অথচ স্পষ্ট ভাষায় ফারাহ বলেন, ‘সালমান ভাই কিন্তু পেছন থেকে বা নিচু অ্যাঙ্গেল থেকে ছবি তুলতে নিষেধ করেছেন। ঘুরুন, সামনে এসে ছবি তুলুন!’ ফারাহর এই বার্তা মুহূর্তেই আলোকচিত্রীদের সতর্ক করে দেয়।
উল্লেখ্য, সম্প্রতি ‘বিগ বস ২০’-এর একটি পর্বে পাপারাজ্জিদের অনৈতিক আচরণ ও সস্তা ভিউ পাওয়ার প্রবণতা নিয়ে তীব্র ক্ষোভ উগরে দিয়েছিলেন সালমান খান। নারী তারকাদের পেছন থেকে অস্বস্তিকর ছবি তুলে সামাজিক মাধ্যমে কুরুচিপূর্ণ ক্যাপশন দেওয়ার কড়া সমালোচনা করে তিনি বলেছিলেন, ‘নারীরা যে ধরনের শট পছন্দ করেন না, তা পেছন থেকে তোলা হয় কেন? এটি চরম নোংরা মানসিকতা। এমন পরিস্থিতিতে ঘুরে দাঁড়িয়ে কষে চড় মারা উচিত।’ সালমান খানের সেই প্রতিবাদের পর এবার ফারাহ খানের এই সোচ্চার অবস্থান বলিউডের পাপারাজ্জি সংস্কৃতির বিরুদ্ধে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
বাংলাফ্লো/এম এইচ এইচ









