বিনোদন ডেস্ক
ঢাকা: দেশের নাটক ও চলচ্চিত্র অঙ্গনের জনপ্রিয় অভিনেতা সোহেল খান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে বগুড়ায় নির্মাতা মোহাম্মদ ইকবালের নতুন সিনেমা ‘নসিব’-এর শুটিংয়ে অবস্থানকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। অচেতন অবস্থায় তাঁকে বগুড়া টিএমএসএস হাসপাতালে নেওয়া হলে সকাল ৯টা ৫৪ মিনিটের দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক মামুন রশিদ অপু এবং নির্মাতা এমডি ইকবাল জানান, বগুড়া থেকে অভিনেতার মরদেহ সরাসরি তাঁর গ্রামের বাড়ি ঢাকার ধামরাইয়ে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানেই জানাজা শেষে তাঁর দাফন ও শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। তবে জানাজার নির্দিষ্ট সময় এখনো চূড়ান্ত হয়নি।
মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালনায় বাংলালিংকের একটি বিজ্ঞাপনচিত্র দিয়ে পর্দায় যাত্রা শুরু করেছিলেন সোহেল খান। পরবর্তীতে ২০০৭ সালে ফারুকীর রাজনৈতিক ব্যঙ্গধর্মী ধারাবাহিক ‘৪২০’-এ মোশাররফ করিম, নুসরাত ইমরোজ তিশা, লুৎফর রহমান জর্জ ও মারজুক রাসেলের সঙ্গে অভিনয় করে ব্যাপক পরিচিতি পান তিনি।
ছোট পর্দায় ‘এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি’, ‘ভালোবাসার যৌথ খামার’ ও ‘নিমন্ত্রণ রইল সবার’-সহ অসংখ্য একক নাটক, ধারাবাহিক ও টেলিছবিতে অভিনয় করেছেন তিনি। বড় পর্দায় ‘নয় নম্বর বিপদ সংকেত’, ‘দারুচিনি দ্বীপ’, ‘খোঁজ – দ্য সার্চ’, ‘প্রজাপতি’, ‘কমন জেন্ডার’, ‘লাল টিপ’, ‘দেশা: দ্য লিডার’, ‘তারকাঁটা’, ‘অনেক সাধের ময়না’, ‘পরবাসিনী’, ‘বীর’, ‘শান’, ‘প্রিয় কমলা’ এবং ২০২৫ সালের ঈদে মুক্তিপ্রাপ্ত ‘জংলি’ সিনেমায় তাঁর অভিনয় দর্শকদের মুগ্ধ করেছে।
জনপ্রিয় এই অভিনেতার অকাল প্রয়াণে দেশের নাট্যাঙ্গন ও চলচ্চিত্র জগতে গভীর শোকের ছায়া নেমে এসেছে। অভিনেতা সোহেল খানের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছে বাংলাফ্লো পরিবার।
বাংলাফ্লো/এম এইচ এইচ










