জাতীয় ডেস্ক
ঢাকা: কিশোর গ্যাংয়ের অপতৎপরতার পেছনে সমাজের কিছু প্রভাবশালী মহলের প্রত্যক্ষ মদদ রয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। আগামী তিন মাসের মধ্যে দেশে কিশোর গ্যাংয়ের সকল তৎপরতা কঠোর হস্তে সমূলে উৎখাত করা হবে বলে দৃঢ় হুঁশিয়ারি দিয়েছেন তিনি। শুক্রবার (২ অক্টোবর) রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (এফডিসি) ‘কিশোর গ্যাং প্রতিরোধে রাজনৈতিক সদিচ্ছার চেয়ে সামাজিক আন্দোলনই অধিক কার্যকর’ শীর্ষক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিযোগিতাটির আয়োজন করে ‘ডিবেট ফর ডেমোক্রেসি’।
প্রধান অতিথির বক্তব্যে চিফ হুইপ বলেন, ‘কিশোররা অস্ত্র কিংবা চাপাতি নিয়ে ঘুরে বেড়াবে না। তারা বই-খাতা হাতে নিয়ে স্কুলে যাবে, লেখাপড়া করে নিজেদের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলবে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে কাজ করবে এবং ভবিষ্যতের রোবটিক যুগে নেতৃত্ব দেবে।’ বর্তমান সরকারের কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি আরও বলেন, ‘এখন যারা সমাজে বিশৃঙ্খলা ও সন্ত্রাস তৈরি করছে, বিগত শাসনামলেও তারাই এসব অপকর্মের সঙ্গে যুক্ত ছিল। তাদের সবাইকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হচ্ছে। আমরা কোনো হেলমেট বাহিনী দেখতে চাই না, কিংবা হাতুড়ি বাহিনী তৈরির কোনো ইচ্ছাও বর্তমান সরকারের নেই।’ সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও অপরাধের বিষয়ে তিনি বলেন, ইউটিউব বা ফেসবুকে যারা উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালাচ্ছে তাদের লাগাম শক্তভাবে টেনে ধরা হবে। অপরাধ করে কেউ পার পাবে না উল্লেখ করে তিনি জানান, নিজের ঘর থেকেই সরকার জবাবদিহিতা ও অপরাধ নিয়ন্ত্রণের কার্যক্রম শুরু করেছে।
ছায়া সংসদে সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, অপরাধী ও চাঁদাবাজরা সবসময় রাজনৈতিক পটপরিবর্তনের সঙ্গে নিজেদের খোলস পাল্টায়; এদের কোনো স্থায়ী রাজনৈতিক পরিচয় থাকতে পারে না। কিশোর গ্যাং কালচার প্রতিরোধ করতে রাজনৈতিক সদিচ্ছার পাশাপাশি বৃহত্তর সামাজিক আন্দোলন গড়ে তোলা এখন সময়ের দাবি। আয়োজিত এই প্রাণবন্ত বিতর্ক প্রতিযোগিতায় সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়কে হারিয়ে মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে। প্রতিযোগিতা শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী দলের বিতার্কিকদের মাঝে ট্রফি, ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়।
বাংলাফ্লো/এম এইচ এইচ












