জাতীয় ডেস্ক
ঢাকা: রাজধানীর ডেমরা, কামরাঙ্গীরচর ও বংশাল এলাকায় পৃথক তিনটি ঘটনায় দুই গৃহবধূসহ তিনজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন— ডেমরার মোছাম্মৎ পপি (৩৫), কামরাঙ্গীরচরের স্বপ্না বেগম (৩৮) এবং বংশালের মো. হাশেম (৪৮)। পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, নিহতদের মধ্যে দুজন দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে সংশ্লিষ্ট থানা পুলিশ।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, ডেমরার হাজী বাদশা মিয়া রোডের একটি বহুতল ভবনের ১১ তলার ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় চার সন্তানের জননী গৃহবধূ মোছাম্মৎ পপির মরদেহ। দুপুরে গোসলে ঢুকে দরজা বন্ধ করে বাথরুমের ভেতর হ্যাঙ্গারের সঙ্গে গামছা পেঁচিয়ে তিনি গলায় ফাঁস দেন বলে জানান তার স্বামী রনি। অপরদিকে কামরাঙ্গীরচরের পশ্চিম রসুলপুর ঝাউলাহাটি এলাকায় সন্তানরা বাইরে থাকার সুযোগে ভাড়া বাসায় সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন স্বপ্না বেগম। পেশায় অটোরিকশাচালক নিহতের স্বামী খাজা জানান, স্বপ্না দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিক অসুস্থতায় ভুগছিলেন।
এছাড়া বংশালের নাজিম উদ্দিন রোডের একটি ভবনের চতুর্থ তলায় বোনের বাসায় সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন হাশেম নামে অপর এক ব্যক্তি। নিহতের ছেলে হাসিব জানান, তার বাবা দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে রাত ১টার দিকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পৃথক এসব ঘটনায় সংশ্লিষ্ট থানাগুলোতে অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে এবং ময়নাতদন্তের প্রতিবেদন সাপেক্ষে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।
বাংলাফ্লো/এম এইচ এইচ












