বাংলাফ্লো প্রতিবেদক
ঢাকা: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের দুটি ভিডিও বার্তা বর্তমানে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ পরীক্ষা-নিরীক্ষা করছে। শনিবার (৩ জানুয়ারি) দুপুরে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত ‘ক্র্যাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৫’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই তথ্য জানান ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, “ভিডিওটি আমরা পেয়েছি এবং সেটি পরীক্ষা-নিরীক্ষা করছি। পরীক্ষা-নিরীক্ষা শেষ হওয়ার পর এ বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হবে।” তদন্তের স্বার্থে তিনি ভিডিওর বিষয়বস্তু নিয়ে এই মুহূর্তে বিস্তারিত মন্তব্য করা থেকে বিরত থাকেন।
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ১৩তম জাতীয় সংসদ নির্বাচনকে পুলিশের ‘টপ প্রায়োরিটি’ বা সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেন ডিএমপি কমিশনার।
তিনি জানান, ২১ বা ২২ জানুয়ারি থেকে নির্বাচনী প্রচার শুরু হতে পারে, তখনই আইনশৃঙ্খলা পরিস্থিতির জটিলতা তৈরির সম্ভাবনা থাকে।
পুলিশ নিরপেক্ষতার সঙ্গে কাজ করবে এবং আগামী ৪০ দিন আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে পারলে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
স্পেশাল ব্রাঞ্চের (এসবি) মাধ্যমে জীবনের ঝুঁকি যাচাই করে প্রার্থীদের গানম্যান দেওয়া হচ্ছে। নির্বাচন কমিশনারদের নিরাপত্তাও জোরদার করা হয়েছে।
ঢাকার রাস্তায় ঘন ঘন অবরোধের সংস্কৃতির সমালোচনা করে তিনি বলেন, বিভিন্ন দাবিপাশে রাস্তা ব্লক করার ফলে সাধারণ মানুষ ও রোগীরা চরম ভোগান্তিতে পড়ছেন। এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসা জরুরি। এছাড়া পুলিশের স্বচ্ছতা ফেরাতে লটারির মাধ্যমে ওসিদের রদবদল করা হয়েছে, যা প্রশাসনিকভাবে কিছুটা চ্যালেঞ্জিং হলেও পুলিশ সর্বোচ্চ চেষ্টা করছে বলে জানান তিনি।
বাংলাফ্লো/এফআইআর






