বাংলাফ্লো প্রতিবেদক
ঢাকা:
রাজধানীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং চিহ্নিত অপরাধীদের আইনের আওতায় আনতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাঁড়াশি অভিযানে গত ২৪ ঘণ্টায় ৬২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে রাজধানীর বিভিন্ন থানায় মোট ৫০টি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন জানান, রাজধানীর আটটি অপরাধ বিভাগ ও গোয়েন্দা শাখার যৌথ সমন্বয়ে এই বিশেষ অভিযান পরিচালিত হয়। এর মধ্যে তেজগাঁওয়ে ৯৫ জন, মতিঝিলে ৬৮ জন এবং মিরপুর বিভাগ থেকে সর্বোচ্চ ২০৩ জনকে আটক করা হয়েছে। অভিযানকালে অপরাধীদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি শর্টগান, এয়ারগান ও তাজা গুলিসহ বিপুল পরিমাণ কার্তুজ উদ্ধার করা হয়। এছাড়া উদ্ধার করা হয়েছে প্রায় আট কেজি গাঁজা, ২১১ পিস ইয়াবা ও ১০৬ গ্রাম হেরোইন। অপরাধীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় অস্ত্র, মাদক ও অন্যান্য আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
বাংলাফ্লো/এম এইচ এইচ












