বাংলাফ্লো প্রতিবেদক
ঢাকা: প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে ঢাকা ও দিল্লি এখনো কাজ করছে এবং দুই দেশের সুবিধাজনক সময়ে এই সফরের দিনক্ষণ চূড়ান্ত হবে বলে জানিয়েছেন নতুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। সোমবার (২৪ আগস্ট) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্ব বণ্টনের পর প্রথম নিজ দপ্তরে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
দপ্তরে পৌঁছালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা নতুন প্রতিমন্ত্রীকে স্বাগত জানান। নিজের নতুন দায়িত্বের চ্যালেঞ্জ ও কূটনৈতিক দর্শনের কথা তুলে ধরে হুমায়ুন কবির বলেন, ‘দেশের স্বার্থ রক্ষা করে কূটনীতিতে ভারসাম্য রক্ষা করাই আমার অন্যতম দায়িত্ব। দ্বিপাক্ষিক সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে।’
সাম্প্রতিক দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বক্তব্যকেও ইতিবাচক হিসেবে দেখছেন নতুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এছাড়া, দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জ্বালানি সহযোগিতা নিয়ে মধ্যপ্রাচ্য ছাড়াও বিশ্বের বেশ কয়েকটি দেশের সঙ্গে আলোচনা চলমান রয়েছে বলে জানান তিনি।
বাংলাফ্লো/এম এইচ এইচ












