বাংলাফ্লো ডেস্ক
ঢাকা: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের শীর্ষস্থানীয় বাণিজ্যিক ও বিনিয়োগকারী প্রতিষ্ঠান মারুবেনি কর্পোরেশনের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাসায়ুকি ওমোটোর নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছে। রোববার (১১ অক্টোবর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে মারুবেনির পক্ষ থেকে তথ্যপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সাইবার নিরাপত্তা, সার ও জ্বালানিসহ দেশের সম্ভাবনাময় বিভিন্ন খাতে বিনিয়োগ সম্প্রসারণের দৃঢ় আগ্রহ প্রকাশ করা হয়।
বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেশের অর্থনৈতিক সম্ভাবনাকে কাজে লাগাতে এবং নতুন কর্মসংস্থান সৃষ্টিতে দেশি-বিদেশি বিনিয়োগের অনুকূল পরিবেশ নিশ্চিত করতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করছে। এ সময় তিনি তথ্যপ্রযুক্তি, সার ও জ্বালানি খাতে জাপানি বিনিয়োগকে স্বাগত জানান। প্রধানমন্ত্রী উল্লেখ করেন, মারুবেনির সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের পাটজাত পণ্যের সফল ব্যবসায়িক সম্পর্ক রয়েছে। এই বিদ্যমান সম্পর্কের ওপর ভিত্তি করে নতুন প্রযুক্তিগত ও শিল্প খাতে দ্বিপক্ষীয় অংশীদারত্ব আরও জোরদার করার তাগিদ দেন তিনি।
আলোচনায় আগামী ১২ মাসের মধ্যে বাংলাদেশে একটি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ডেটা সেন্টার চালুর পরিকল্পনা এবং কৃষি খাতে আধুনিক প্রযুক্তির ব্যবহারের বিষয়টি গুরুত্ব পায়। এছাড়া প্রকৌশল স্নাতকদের সাইবার নিরাপত্তায় দক্ষ করে আন্তর্জাতিক সার্ভিস হাবে রূপান্তরের বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডে (কাফকো) মারুবেনির বিদ্যমান বিনিয়োগ সম্প্রসারণ এবং দেশে দ্বিতীয় একটি কাফকো সার কারখানা স্থাপনের সম্ভাবনা নিয়েও ইতিবাচক আলোচনা হয়েছে। বৈঠককালে দুই দেশের মধ্যে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) দ্রুত কার্যকরের আশাবাদ ব্যক্ত করা হয়।
বাংলাফ্লো/এম এইচ এইচ











