বিনোদন ডেস্ক
ঢাকা: দীর্ঘ ১৫ বছর পর আবারও বড় পর্দায় জুটি বেঁধে হাজির হয়েছেন বলিউডের জনপ্রিয় দুই তারকা শাহরুখ খান ও কারিনা কাপুর খান। ২০১১ সালে ‘রা.ওয়ান’ সিনেমার ‘চাম্মাক চাল্লো’ গানে তাদের রসায়ন দর্শকদের মাতিয়েছিল, আর এবার শাহরুখের আসন্ন সিনেমা ‘কিং’-এর নতুন গান ‘ড্যাডি কুল’-এ দেখা গেল এই জুটিকে।
শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় ইউরো-ক্যারিবীয় সংগীতদল বনি এমের কালজয়ী গান ‘ড্যাডি কুল’-এর এই নতুন বলিউডি সংস্করণ প্রকাশ করা হয়। শচীন-জিগারের সংগীতায়োজনে গানটিতে কণ্ঠ দিয়েছেন অরিজিৎ সিং ও শিল্পা রাও, আর এর নৃত্য পরিচালনা করেছেন বৈভবী মার্চেন্ট।
গানটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে শাহরুখ খান লিখেছেন, ‘বেবোর সঙ্গে আবারও… গানটি পুরোনো ধাঁচের, কিন্তু এখনো কুল!’ প্রিয় জুটিকে এত বছর পর একসঙ্গে দেখে ভক্তদের মাঝে তৈরি হয়েছে দারুণ নস্টালজিয়া ও উচ্ছ্বাস; অনেকেই শাহরুখের পর্দা উপস্থিতি ও কারিনার সৌন্দর্যের প্রশংসা করেছেন।
তবে প্রশংসার পাশাপাশি গানটি ঘিরে সমালোচনাও কম হচ্ছে না। দর্শকদের একাংশের অভিযোগ, গানের কোরিওগ্রাফি ও নাচের ধাপে কোনো নতুনত্ব নেই এবং গানের কথা ও সুরের সামঞ্জস্য নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে।
উল্লেখ্য, সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ও রেড চিলিজ এন্টারটেইনমেন্ট এবং মারফ্লিক্স পিকচার্সের প্রযোজনায় নির্মিত অ্যাকশনধর্মী ‘কিং’ সিনেমাটি আগামী ২৪ ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তি পাবে। এতে শাহরুখ ও কারিনা ছাড়াও দীপিকা পাড়ুকোন, রানি মুখার্জি, অভিষেক বচ্চন, আরশাদ ওয়ারসি, ববি দেওল ও সুহানা খান অভিনয় করেছেন।
বাংলাফ্লো/এম এইচ এইচ










