বিনোদন ডেস্ক
ঢাকা: ভারতের আলোচিত প্রতারণা মামলার আসামি সুকেশ চন্দ্রশেখরকে নিয়ে নির্মিত তথ্যচিত্র ‘লাভ, স্ক্যাম অউর ধোঁকা: দ্য সুকেশ চন্দ্রশেখর স্টোরি’ মুক্তির আগেই আইনি বিতর্কে জড়িয়েছে। আগামী ১৮ ডিসেম্বর নেটফ্লিক্সে মুক্তির কথা থাকা এই তথ্যচিত্রের প্রচার ও মুক্তি স্থগিত করতে নেটফ্লিক্স এবং ইন্ডিয়া টুডে গ্রুপকে আইনি নোটিশ পাঠিয়েছেন সুকেশের আইনজীবী অনন্ত মালিক।
গত ২৬ নভেম্বর পাঠানো ওই নোটিশে অভিযোগ করা হয়েছে, সুকেশের বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলার বিচারপ্রক্রিয়া এখনো আদালতে চলমান। এমন অবস্থায় তথ্যচিত্রটি প্রকাশিত হলে আদালতে প্রমাণিত না হওয়া অভিযোগগুলো দর্শকের কাছে সত্য হিসেবে উপস্থাপিত হতে পারে এবং তা তার ন্যায়বিচার পাওয়ার পথে বাধা সৃষ্টি করতে পারে।
আইনজীবী অনন্ত মালিক দাবি করেছেন, তথ্যচিত্রটি প্রকাশের আগে তাদের পুরো সিনেমাটি দেখাতে হবে এবং সাক্ষাৎকার দেওয়া ব্যক্তিদের, বিশেষ করে কোনো তদন্তকারী কর্মকর্তা এতে বক্তব্য দিয়েছেন কি না, তার তালিকা প্রকাশ করতে হবে। নির্মাতারা সুকেশের সঙ্গে যোগাযোগ না করেই একতরফাভাবে এটি তৈরি করেছেন বলেও অভিযোগ তোলা হয়েছে।
আগামী ৭২ ঘণ্টার মধ্যে নোটিশের সন্তোষজনক জবাব ও দাবি পূরণ না হলে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সুকেশের আইনজীবী।
প্রসঙ্গত, র্যানব্যাক্সির কর্ণধার শিবিন্দর মোহন সিংয়ের স্ত্রী অদিতি সিংয়ের কাছ থেকে প্রায় ২০০ কোটি রুপি আদায়সহ অর্থ পাচার ও জ্যাকলিন ফার্নান্দেজ ও নোরা ফতেহির সঙ্গে যোগাযোগ ঘিরে ব্যাপক আলোচিত সুকেশ চন্দ্রশেখর। মৌমিতা সেন ও নিয়ান্থা শেখর পরিচালিত এই তথ্যচিত্রটি দুই বছরের গবেষণায় নির্মিত হয়েছে বলে জানিয়েছে নেটফ্লিক্স।
বাংলাফ্লো/এম এইচ এইচ










