লাইফ স্টাইল ডেস্ক ঢাকা: ওজন বৃদ্ধি, হৃদরোগ ও ডায়াবেটিসের জন্য অতিরিক্ত চিনির বদনাম বহু পুরোনো। তবে অনেকেই হয়তো জানেন না যে, অতিরিক্ত চিনিযুক্ত খাবার গ্রহণের ফলে আমাদের চোখের দৃষ্টিশক্তিও মারাত্মক হুমকির মুখে পড়তে পারে। চিকিৎসকদের মতে, অতিরিক্ত চিনি গ্রহণ চোখের রেটিনা ও দৃষ্টিশক্তির অপূরণীয় ক্ষতি করতে পারে।
রক্তে শর্করার মাত্রা দীর্ঘ সময় ধরে বেশি থাকলে তা চোখের সূক্ষ্ম রক্তনালীগুলোকে সংকুচিত ও ক্ষতিগ্রস্ত করে। চিকিৎসাবিজ্ঞানে এই অবস্থাকে বলা হয় ‘ডায়াবেটিক রেটিনোপ্যাথি’, যা ধীরে ধীরে স্থায়ী অন্ধত্বের দিকে নিয়ে যেতে পারে। এছাড়া রক্তে শর্করার ওঠানামার কারণে চোখের লেন্স ফুলে গিয়ে সাময়িকভাবে দৃষ্টি ঝাপসা হয়ে যায় এবং কম বয়সেই চোখে ছানি (Cataract) পড়ার ঝুঁকি বহুগুণ বেড়ে যায়।
চোখের সুরক্ষা নিশ্চিত করতে কোমল পানীয়, প্রক্রিয়াজাত জুস, অতিরিক্ত মিষ্টি, কেক ও চিনিযুক্ত চা-কফি পরিহার করার তাগিদ দিয়েছেন চক্ষু বিশেষজ্ঞরা। এর পরিবর্তে প্রতিদিনের খাদ্যতালিকায় আস্ত তাজা ফল, সবুজ শাকসবজি, বাদাম ও অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার বেশি রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
বাংলাফ্লো/এম এইচ এইচ












