বাংলাফ্লো প্রতিবেদক
ঢাকা: রাজধানীর ডেমরায় একটি বেসরকারি হাসপাতালে আড়াই বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে ওই হাসপাতালেরই এক ওয়ার্ড বয়ের বিরুদ্ধে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। পরে বিক্ষুব্ধ জনতা অভিযুক্তকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। শুক্রবার (২৯ মে) বিকেলে ডেমরার সারুলিয়া এলাকায় অবস্থিত শামসুল হক জেনারেল হাসপাতালে ন্যক্কারজনক এই ঘটনাটি ঘটে। এ ঘটনায় রাতে ভুক্তভোগী শিশুটির বাবা বাদী হয়ে ডেমরা থানায় একটি মামলা দায়ের করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত ওই ওয়ার্ড বয়ের নাম নুর নবী (২০)। তিনি বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার সিন্নিরচর গ্রামের বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে শামসুল হক জেনারেল হাসপাতালে কর্মরত ছিলেন। শিশুটিকে ধর্ষণের চেষ্টার ভিডিও অনলাইনে ভাইরাল হওয়ার পরই স্থানীয় বাসিন্দারা ক্ষুব্ধ হয়ে তাকে ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করে।
এ বিষয়ে আজ রোববার (৩১ মে) ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাইফুর রহমান মির্জা তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘মানুষের নৈতিকতার এত বড় বিপর্যয় কোনোভাবেই মেনে নেওয়া যায় না। একটি হাসপাতালে এসে আড়াই বছরের কোমলমতি শিশুকে ধর্ষণের চেষ্টা করার মতো জঘন্য অপরাধীকে বিন্দুমাত্র ছাড় দেওয়ার সুযোগ নেই।’ তিনি আরও জানান, ভুক্তভোগী শিশুর বাবার দায়ের করা মামলায় গ্রেপ্তার নুর নবীকে ইতোমধ্যে আদালতে পাঠানো হয়েছে এবং পুরো ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে।
বাংলাফ্লো/এফআইআর






