আন্তর্জাতিক ডেস্ক
ঢাকা: যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাণিজ্য জলপথ হরমুজ প্রণালিতে আটকা পড়া ১৩টি ভারতীয় বাণিজ্যিক জাহাজ ফিরিয়ে আনতে জরুরি অভিযান শুরু করেছে ভারত। দেশটির কেন্দ্রীয় সরকারের বন্দর, জাহাজ ও জলপথ বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তা উপেশ কুমার বার্তা সংস্থা এএফপিকে এই তথ্য নিশ্চিত করেছেন। আটকা পড়া এই ১৩টি জাহাজের মধ্যে রয়েছে একটি এলপিজিবাহী ট্যাংকার, ৫টি অপরিশোধিত তেলবাহী ট্যাংকার, একটি রাসায়নিক পণ্যবাহী ট্যাংকার, ৩টি কন্টেইনার জাহাজ, ২টি বাল্ক ক্যারিয়ার এবং একটি ড্রেজার। উপেশ কুমার জানান, এই অভিযানের একমাত্র উদ্দেশ্য হলো এই জাহাজগুলোকে নিরাপদে ভারতে ফিরিয়ে আনা।
জাহাজগুলো ফিরিয়ে আনতে ভারতের বন্দর, জাহাজ চলাচল ও জলপথ বিষয়ক মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, ইরান ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের ভারতীয় দূতাবাস এবং ভারতের সামুদ্রিক স্টেকহোল্ডাররা সমন্বিতভাবে কাজ করছে। ইতোমধ্যে ‘নিসোস কেরোস’ নামের একটি অপরিশোধিত তেলবাহী ট্যাংকার হরমুজ প্রণালি থেকে বের হয়ে ভারতের বিশাখাপত্তমের দিকে রওনা হয়েছে। জাহাজটিতে প্রায় ২ লাখ ৭০ হাজার টন অপরিশোধিত তেল রয়েছে এবং গত ২৫-২৬ মে সেটি হরমুজ প্রণালি অঞ্চল ত্যাগ করে।
হরমুজ প্রণালিতে আটকে থাকা ভারতীয় জাহাজগুলোতে মোট ৩ হাজার ৪০০ জন নাবিক ও ক্রু রয়েছেন। তাদের সবাইকে অক্ষত অবস্থায় ফিরিয়ে আনাই এই জরুরি অভিযানের অন্যতম প্রধান লক্ষ্য। এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এএফপিকে বলেন, “ভারতের সাধারণ জনগণের জ্বালানি নিরাপত্তা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ; সেই সঙ্গে আটকে থাকা ভারতীয় নাবিক ও ক্রুদেরও নিরাপদে দেশে ফিরিয়ে আনা জরুরি।”
বাংলাফ্লো/এফআইআর






