জেলা প্রতিনিধি
চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে জুলফিকার (২২) নামে এক বাংলাদেশি যুবককে আটক করে মারধর করতে করতে ভারতীয় ভূখণ্ডে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে। শনিবার (১৩ জুন) সন্ধ্যার আগে দর্শনা-গেদে আন্তর্জাতিক চেকপোস্ট সংলগ্ন সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় সীমান্ত এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আটক জুলফিকার চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা জয়নগর গ্রামের কালো মৌলভীর ছেলে। তিনি দর্শনা পৌর এলাকার রামনগর বিস্কুট ফ্যাক্টরিতে কাজ করেন। স্থানীয়দের দাবি, শনিবার সন্ধ্যার আগে কয়েকজন সঙ্গীকে নিয়ে সীমান্তবর্তী এলাকায় খড়ি (জ্বালানি কাঠ) কুড়াতে গিয়েছিলেন জুলফিকার। দর্শনা-গেদে চেকপোস্টের মাঝামাঝি এলাকায় অবস্থানকালে গেদে বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের ধাওয়া করে। এ সময় সঙ্গে থাকা দুই-তিনজন পালিয়ে যেতে সক্ষম হলেও বিএসএফ সদস্যরা জুলফিকারকে আটক করে। পরে তাকে মারধর করতে করতে ভারতীয় সীমানার ভেতরে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ করেন তারা।
তবে এই ঘটনার বিষয়ে ভিন্ন তথ্য দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান জানান, প্রাথমিকভাবে পাওয়া তথ্যে তারা জানতে পেরেছেন, জয়নগর গ্রামের কয়েকজন যুবক জিরো পয়েন্ট এলাকায় গিয়ে দর্শনা-গেদে রেলপথের নিরাপত্তা বেষ্টনীর কিছু অংশ খোলার চেষ্টা করছিলেন। এ সময় বিএসএফ সদস্যরা অভিযান চালিয়ে জুলফিকারকে আটক করে এবং তার অন্যান্য সঙ্গীরা পালিয়ে যেতে সক্ষম হয়।
তিনি আরও জানান, আটক যুবককে ইতিমধ্যে ভারতীয় থানায় সোপর্দ করা হতে পারে বলে তারা ধারণা করছেন। বিষয়টি নিয়ে বিজিবির পক্ষ থেকে বিএসএফের সঙ্গে প্রয়োজনীয় যোগাযোগ ও নিবিড় পর্যবেক্ষণ অব্যাহত রয়েছে।
বাংলাফ্লো/এফআইআর






