বিনোদন ডেস্ক
ঢাকা: বছর দুয়েক আগে জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বকে ওটিটির পর্দায় দেখা গিয়েছিল। শিহাব শাহীনের ‘গোলাম মামুন’ সিরিজে পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করে তিনি দর্শকের মন জয় করেছিলেন। দীর্ঘ দুই বছর পর আবারও ওটিটিতে ফিরছেন এই তারকা অভিনেতা। তবে এবার পুলিশ নয়, তাকে দেখা যাবে একজন সাংবাদিকের ভূমিকায়। সালেহ সোবহান অনীম পরিচালিত এই নতুন ওয়েব সিরিজের নাম ‘হেডলাইন’।
আগামী ২৫ জুন জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তি পেতে যাচ্ছে সিরিজটি। এ উপলক্ষে সম্প্রতি প্রকাশিত হয়েছে এর ট্রেলার। ট্রেলারে আঁচ করা যায়, সাংবাদিকতার নানা চ্যালেঞ্জ, সিস্টেমের ভেতরে ঘাপটি মেরে থাকা অনিয়ম ও দুর্নীতির বিভিন্ন দিক এতে স্পষ্টভাবে উঠে আসবে। পাশাপাশি সমান্তরালভাবে এগিয়ে চলবে পারিবারিক সম্পর্ক, ব্যক্তিগত সংকট ও মানবিক টানাপোড়েনের রোমাঞ্চকর গল্পও।
‘হেডলাইন’ সিরিজে সাংবাদিক জহির চরিত্রে অভিনয় করছেন অপূর্ব। নিজের চরিত্র প্রসঙ্গে তিনি বলেন, ‘জহির চরিত্রটার একটা দারুণ গ্রাফ আছে। গল্পের বিভিন্ন পর্যায়ে তাকে ভিন্ন ভিন্ন রূপে দেখা যায়। কখনো সে খুবই আবেগপ্রবণ, আবার কখনো বাস্তবতার কঠিন মুখোমুখি দাঁড়িয়ে সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। একজন অভিনেতা হিসেবে এ ধরনের বহুস্তরীয় চরিত্র সবসময়ই আমাকে আকৃষ্ট করে।’ এই সিরিজের মাধ্যমেই দীর্ঘ তিন বছর পর আবারও ওটিটিতে প্রত্যাবর্তন করছেন দর্শকপ্রিয় অভিনেত্রী আফসান আরা বিন্দু। তিনিও সিরিজটি নিয়ে দর্শকের প্রতিক্রিয়া দেখার জন্য দারুণ অপেক্ষায় আছেন।
অন্যদিকে, সিরিজে সামিউল চরিত্রে অভিনয় করা ইয়াশ রোহান নিজের অভিজ্ঞতা শেয়ার করে বলেন, ‘চরিত্রটার জন্য আমি পুরো ক্যারিয়ারজুড়েই অপেক্ষা করেছি। সামিউল এমন একটা চরিত্র, যেখানে অভিনয় করতে গিয়ে আমি ইয়াশ থাকিনি, হয়ে উঠেছিলাম সামিউল। এই চরিত্রটির জন্য আমি নিজের হার্ট অ্যান্ড সোল দিয়েছি। আশা করি, দর্শকরা সামিউলের গল্প ও অনুভূতির সঙ্গে নিজেদের কানেক্ট করতে পারবেন।’ ৮ পর্বের এই তারকাবহুল সিরিজে অপূর্ব, বিন্দু ও ইয়াশ ছাড়াও অভিনয় করেছেন সারিকা সাবরিন, ফারহানা হামিদ, শ্যামল মাওলা, রাই রাজন্যা, এ কে আজাদ সেতুসহ আরও অনেকে।
বাংলাফ্লো/এম এইচ এইচ



