স্পোর্টস ডেস্ক
ঢাকা: আগামীকাল শুক্রবার থেকে মাঠে গড়াতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসর। আসর শুরুর ঠিক ২৪ ঘণ্টা আগে বড় ঘোষণা দিল চট্টগ্রাম রয়্যালস। প্রথমবারের মতো বিপিএলে অধিনায়কত্বের আর্মব্যান্ড পরতে যাচ্ছেন অভিজ্ঞ অলরাউন্ডার শেখ মেহেদী হাসান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেওয়া হয়।
এর আগে ঢাকা প্লাটুন, খুলনা টাইগার্স, বরিশাল বুলস, কুমিল্লা ভিক্টোরিয়ানস ও রংপুর রাইডার্সের হয়ে মাঠ মাতালেও এবারই প্রথম কোনো ফ্র্যাঞ্চাইজির নেতৃত্বের ভার পেলেন শেখ মেহেদী। তার কাঁধেই থাকছে এবারের আসরে চট্টগ্রামকে এগিয়ে নেওয়ার দায়িত্ব।
টুর্নামেন্ট শুরুর ঠিক আগমুহূর্তে চট্টগ্রাম রয়্যালসের মালিকানা ও ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন এসেছে। চট্টগ্রাম রয়্যালস কর্তৃপক্ষের অনুরোধে আজ বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে দলটির দায়িত্ব ও মালিকানা বুঝে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিসিবি দায়িত্ব নেওয়ার পরপরই নতুন কোচিং প্যানেল ও কর্মকর্তা নিয়োগ চূড়ান্ত করা হয়েছে:
প্রধান কোচ: মিজানুর রহমান বাবুল। (এর আগে মমিনুল হক এবং পরে জাস্টিন মাইলস ক্যাম্পের নাম শোনা গেলেও শেষ মুহূর্তে বাবুলকেই বেছে নেওয়া হয়েছে)।
টিম ডিরেক্টর: জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন।
টিম ম্যানেজার: নাফিস ইকবাল।
শেষ মুহূর্তের এই রদবদল এবং শেখ মেহেদীর নেতৃত্বে চট্টগ্রাম রয়্যালস কেমন পারফর্ম করে, সেটাই এখন দেখার বিষয়।
বাংলাফ্লো/এফআইআর






