শিক্ষা ডেস্ক
ঢাকা: বুয়েট, মেডিকেল ও ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশের বিষয়ে আজ সোমবার (২৩ নভেম্বর) চূড়ান্ত সিদ্ধান্ত জানা যেতে পারে। হাইকোর্টের ওই আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের ওপর আজ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নিয়মিত ও পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
জানা গেছে, রাষ্ট্রপক্ষের আবেদনটি ইতোমধ্যেই শুনানির জন্য আপিল বিভাগের কার্যতালিকায় (কজলিস্ট) অন্তর্ভুক্ত করা হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হকের চেম্বার আদালত আবেদনটি শুনানির জন্য পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠান এবং ২৩ নভেম্বর শুনানির দিন ধার্য করেন; তবে সেদিন হাইকোর্টের আদেশের ওপর কোনো স্থগিতাদেশ দেননি চেম্বার আদালত।
চেম্বার আদালতে সেদিন রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক। অন্যদিকে রিট আবেদনকারীর পক্ষে শুনানিতে অংশ নেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার এম. আবদুল কাইয়ূম ও আইনজীবী ব্যারিস্টার কামরুন নাহার মাহমুদ দিপা।
উল্লেখ্য, গত বুধবার (১৮ নভেম্বর) এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিতের নির্দেশ দেন হাইকোর্ট এবং একই সঙ্গে রুল জারি করেন। আজকের শুনানির দিকেই এখন তাকিয়ে আছেন সারা দেশের লাখ লাখ ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবক।
বাংলাফ্লো/এম এইচ এইচ












