অর্থনীতি ডেস্ক
ঢাকা: ঋণ পুনঃতফসিল, পুনর্গঠন ও নানা ধরনের বিশেষ ছাড় দেওয়ার পরও দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণের ঊর্ধ্বগতি থামানো যাচ্ছে না। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের সেপ্টেম্বর শেষে ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ আবারও ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা ছাড়িয়েছে। গত তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ২০ হাজার ৮৪৯ কোটি টাকা, যার ফলে বিতরণ করা মোট ঋণের প্রায় ৩৪ শতাংশই এখন আদায় অনিশ্চিত হয়ে পড়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, সেপ্টেম্বর শেষে দেশের ব্যাংকিং খাতে মোট ঋণের স্থিতি দাঁড়িয়েছে ১৮ লাখ ৫৬ হাজার ১৬৯ কোটি টাকা, যার মধ্যে ৬ লাখ ২৭ হাজার ৪০৪ কোটি টাকা বা ৩৩ দশমিক ৮০ শতাংশই খেলাপি। এর আগে জুন শেষে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৬ লাখ ৬ হাজার ৫৫৫ কোটি টাকা (৩২ দশমিক ৭৮ শতাংশ) এবং মার্চ শেষে ছিল ৫ লাখ ৮৮ হাজার ৭০৪ কোটি টাকা (৩২ দশমিক ২৬ শতাংশ)। অর্থাৎ চলতি বছরের প্রথম তিন প্রান্তিকেই খেলাপি ঋণের বোঝা ধারাবাহিকভাবে বেড়েছে।
ব্যাংক খাত সংশ্লিষ্টদের মতে, বিগত আওয়ামী লীগ সরকারের সাড়ে ১৫ বছরের শাসনামলে ব্যাপক অনিয়ম ও লুটপাটের মাধ্যমে বিতরণ করা ঋণের প্রকৃত তথ্য আড়াল করে রাখা হয়েছিল। ২০০৯ সালের জানুয়ারিতে যেখানে খেলাপি ঋণ ছিল ২২ হাজার ৪৮১ কোটি টাকা, ২০২৪ সালের জুন শেষে তা বেড়ে ২ লাখ ১১ হাজার ৩৯১ কোটি টাকায় দাঁড়ায়। সরকার পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকার প্রকৃত চিত্র প্রকাশের উদ্যোগ নিলে গোপন রাখা ঋণগুলো খেলাপি হিসেবে চিহ্নিত হয় এবং পরবর্তীতে বর্তমান বিএনপি সরকারের সময়েও সেই ধারাবাহিকতা অব্যাহত রয়েছে।
এদিকে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো ড. ফাহমিদা খাতুন খেলাপি ঋণের এই লাগামহীন বৃদ্ধিকে অত্যন্ত উদ্বেগজনক বলে অভিহিত করেছেন। তার মতে, রাজনৈতিক প্রভাব ও সুশাসনের ঘাটতির কারণে ইচ্ছাকৃত ঋণখেলাপির প্রবণতা বেড়েছে, যা ব্যাংকগুলোতে তারল্যসংকট তৈরি করছে এবং বেসরকারি খাতে ঋণপ্রবাহ কমিয়ে নতুন বিনিয়োগ বাধাগ্রস্ত করছে।
কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারাও জানিয়েছেন, অতীতে যেসব ঋণ বারবার নবায়ন করে নিয়মিত দেখানো হয়েছিল, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী শ্রেণিবিন্যাস করায় সেগুলো এখন খেলাপির তালিকায় যুক্ত হচ্ছে। তবে সংশ্লিষ্টরা মনে করেন, শুধু প্রকৃত তথ্য প্রকাশ বা সাময়িক ছাড় দিয়ে এই সংকট কাটবে না; ব্যাংক খাতের পর্ষদ ও ব্যবস্থাপনায় জবাবদিহি নিশ্চিত করা এবং দ্রুত ঋণ আদায়ে দীর্ঘমেয়াদি ও কার্যকর সংস্কার জরুরি।
বাংলাফ্লো/এম এইচ এইচ











