আইন-আদালত ডেস্ক
ঢাকা: জুলাই আন্দোলনের সময় রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় মাদ্রাসাছাত্র সাদিকুল ইসলাম হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। সোমবার (২৩ নভেম্বর) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ উভয় পক্ষের শুনানি শেষে এ আদেশ দেন। প্রসিকিউশন বিভাগের এসআই হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালতে আসামিপক্ষে জামিন চেয়ে শুনানি করেন আইনজীবী সাথী সাহা। শুনানিতে তিনি দাবি করেন, মামলার ঘটনার বহু আগেই নুরুল ইসলাম নাহিদ রাজনীতি ও সব ধরনের পেশা থেকে অবসর নিয়েছেন এবং রাজপথে মিছিল বা নেতৃত্ব দেওয়ার মতো বয়স কিংবা শারীরিক সামর্থ্য তার নেই। তিনি অসুস্থ ও বয়স্ক উল্লেখ করে জামিন দিলে পলাতক হবেন না বলেও আদালতে যুক্তি তুলে ধরেন তার আইনজীবী।
অন্যদিকে, রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মুহাম্মদ শামছুদ্দোহা সুমন আসামির জামিন আবেদনের তীব্র বিরোধিতা করেন। উভয় পক্ষের যুক্তি-তর্ক শোনার পর বিচারক জামিনের আবেদন নাকচ করে দেন। এর আগে গত বুধবার রাত ২টার দিকে উত্তরা পশ্চিম থানার ১৩ নম্বর সেক্টরের বাসা থেকে নুরুল ইসলাম নাহিদকে গ্রেফতার করা হয় এবং পরদিন আদালত তাকে সাদিকুল ইসলাম হত্যা মামলায় কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই বিকেল ৩টার দিকে উত্তরা পশ্চিম থানা এলাকায় ছাত্র-জনতার আন্দোলনে অংশ নেন মাদ্রাসাছাত্র সাদিকুল ইসলাম। অভিযোগ রয়েছে, ওই সময় যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা আন্দোলনকারীদের ওপর হামলা চালিয়ে এলোপাতাড়ি মারধর ও গুলি বর্ষণ করেন, যাতে সাদিকুলের পেটে গুলি লাগে। পরে তাকে উদ্ধার করে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ২০ জুলাই তিনি মারা যান; এ ঘটনায় ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর আশরাফ সিদ্দিকী বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় হত্যা মামলা দায়ের করেন।
বাংলাফ্লো/এম এইচ এইচ










