আইন-আদালত ডেস্ক
ঢাকা: রাজধানীর নিউ মার্কেট থানার সন্ত্রাসী টিটন হত্যা মামলায় শীর্ষ সন্ত্রাসী এস এম আসলাম ওরফে সুইডেন আসলামকে গ্রেফতার দেখানো হয়েছে। এই মামলায় অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য তাকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হবে বলে জানিয়েছে পুলিশ। সোমবার (২৩ নভেম্বর) দুপুরে রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া বিভাগের উপকমিশনার আকতার হোসেন।
সংবাদ সম্মেলনে উপকমিশনার আকতার হোসেন জানান, টিটন হত্যা মামলায় সুইডেন আসলামের সরাসরি সম্পৃক্ততার তথ্য পেয়েছে পুলিশ এবং শীর্ষ সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি অব্যাহত রয়েছে। এর আগে রোববার (২২ নভেম্বর) দিবাগত রাতে দেশত্যাগের চেষ্টাকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়।
ইমিগ্রেশন পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, রোববার রাতে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে থাইল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়তে বিমানবন্দরে গিয়েছিলেন সুইডেন আসলাম। তবে ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করার সময়ই তাকে আটক করা হয়। মোস্ট ওয়ান্টেড তালিকায় থাকা এই শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতারে সরকারের উচ্চপর্যায়ের নির্দেশে প্রায় এক মাস ধরে চেষ্টা চলছিল এবং তার দেশত্যাগ ঠেকাতে পাসপোর্টও ব্লক করে রাখা হয়েছিল।
পুলিশের নথিপত্র অনুযায়ী, সুইডেন আসলামের বিরুদ্ধে ৯টি হত্যাসহ অন্তত ২২টি মামলা রয়েছে। দীর্ঘ ২৭ বছর কারাভোগের পর ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর তিনি জামিনে মুক্তি পেয়েছিলেন। উল্লেখ্য, ১৯৯৭ সালের ২৩ মার্চ তেজগাঁওয়ের যুবলীগ নেতা গালিব হত্যাকাণ্ডসহ নব্বইয়ের দশকের একাধিক আলোচিত হত্যার ঘটনায় তার নাম উঠে আসে; ওই সময় কিছুদিন সুইডেনে অবস্থান করার পর দেশে ফিরলে তিনি ‘সুইডেন আসলাম’ নামে পরিচিতি পান।
বাংলাফ্লো/এম এইচ এইচ










