ক্যাম্পাস প্রতিনিধি
ঢাবি: শিক্ষার্থীদের তীব্র বিক্ষোভের মুখে অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শেখ মুজিবুর রহমান হলের কাটাবন-শাহবাগ সড়কসংলগ্ন বন্ধ পকেট গেটের তালা খুলে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার (২১ নভেম্বর) রাত ১০টার দিকে হলপাড়ায় জড়ো হয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করলে প্রশাসন গেটটি খুলে দিতে বাধ্য হয়।
বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মো. আক্তারুজ্জামানের সামনেই ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেন। পরে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন সহকারী প্রক্টর ও প্রক্টরিয়াল টিমের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। একপর্যায়ে শিক্ষার্থীদের দাবির মুখে সহকারী প্রক্টর অধ্যাপক ড. এনামুল হক সজিব গেটটি খুলে দিলে শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়।
শিক্ষার্থীরা জানান, হলপাড়াসহ বেশ কয়েকটি আবাসিক হলের হাজার হাজার শিক্ষার্থীর বাইরে যাতায়াতের প্রধান পথ ছিল এই পকেট গেট। এটি বন্ধ থাকায় টিউশনি, জরুরি ওষুধ ও খাবার সংগ্রহ এবং নিত্যপ্রয়োজনীয় কেনাকাটায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছিল। শাহবাগ মোড় ঘুরে প্রায় এক কিলোমিটার অতিরিক্ত পথ পাড়ি দিতে প্রতিবার ৬০ থেকে ৮০ টাকা রিকশাভাড়া ও আধা ঘণ্টার বেশি সময় নষ্ট হচ্ছিল।
উল্লেখ্য, ক্যাম্পাসে একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনার পর নিরাপত্তার স্বার্থে গত মঙ্গলবার (১৭ নভেম্বর) উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সমন্বয় সভায় পকেট গেটটি সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
বাংলাফ্লো/এম এইচ এইচ









