লাইফ স্টাইল ডেস্ক
ঢাকা: বিশ্বজুড়ে সবচেয়ে সাধারণ পুষ্টিঘাটতির একটি হলো শরীরে আয়রনের অভাব, যা বিশেষ করে শিশু ও নারীদের মধ্যে বেশি দেখা যায়। আয়রন শরীরের প্রায় প্রতিটি অংশে অক্সিজেন পৌঁছে দেওয়া প্রোটিন ‘হিমোগ্লোবিন’ তৈরিতে সহায়তা করে। তবে মাংস ও সামুদ্রিক খাবারের ‘হিম আয়রন’ শরীর সহজে শোষণ করতে পারলেও উদ্ভিজ্জ খাবারের ‘নন-হিম আয়রন’ শোষণের হার তুলনামূলক বেশ কম।
যুক্তরাজ্যের ইস্ট অ্যাংলিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুসান ফেয়ারওয়েদার-টেইট এবং কিংস কলেজের পুষ্টিবিজ্ঞানের জ্যেষ্ঠ প্রভাষক ইয়েমিসি লাতুন্দে-দাদার মতে, শুধু কী খাচ্ছেন তা নয়, খাবার কীভাবে প্রস্তুত করছেন ও কীসের সঙ্গে খাচ্ছেন তাও আয়রন শোষণে বড় ভূমিকা রাখে। যেমন, পালংশাকে থাকা ‘অক্সালেট’ আয়রন শোষণে বাধা দেয়, তাই পালংশাক সেদ্ধ করে খেলে বেশি আয়রন পাওয়া যায়; অন্যদিকে বাঁধাকপি বা লেটুসের মতো সবজি কাঁচা বা ভাপে খেলে ভিটামিন সি অক্ষুণ্ন থাকে।
আয়রন শোষণ বাড়ানোর দ্বিতীয় কার্যকর উপায় হলো উদ্ভিজ্জ খাবারের সঙ্গে ভিটামিন সি-সমৃদ্ধ খাবার যেমন লেবুর রস বা অল্প পরিমাণ কমলার রস গ্রহণ করা। তৃতীয়ত, গাঁজন বা ফারমেন্টেশন প্রক্রিয়ায় তৈরি খাবার যেমন সাধারণ পাউরুটির বদলে সাওয়ারডো পাউরুটি খেলে ফাইটিক অ্যাসিড ভেঙে যায়, যা আয়রন শোষণ সহজ করে।
চতুর্থত, বাজারে থাকা আয়রনযুক্ত সিরিয়াল বা প্রক্রিয়াজাত খাবারের ওপর পুরোপুরি নির্ভর করা উচিত নয়, কারণ গবেষণায় এসব খাবার থেকে আয়রন শোষণের হার খুবই কম পাওয়া গেছে। সবশেষে, খাবারের সঙ্গে চা বা কফি পান করা থেকে বিরত থাকতে হবে; কারণ এতে থাকা ট্যানিন ও পলিফেনল আয়রন শোষণ কমিয়ে দেয়, তাই খাবার খাওয়ার অন্তত দুই ঘণ্টা পর চা-কফি পান করাই সবচেয়ে ভালো।
বাংলাফ্লো/এম এইচ এইচ












