লাইফ স্টাইল ডেস্ক
ঢাকা: আবহাওয়া পরিবর্তনের সঙ্গে সঙ্গে ভোর ও শেষ বিকেল থেকে শীত ও কুয়াশার তীব্রতা বাড়তে শুরু করেছে। এর ফলে দেশজুড়ে জ্বর, সর্দি-কাশি, নিউমোনিয়া, শ্বাসকষ্ট ও ডায়রিয়ার মতো শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা দ্রুত বাড়ছে। বিশেষ করে শিশু ও বয়স্কদের মধ্যে এসব রোগের প্রকোপ সবচেয়ে বেশি দেখা যাচ্ছে।
সরেজমিনে গাইবান্ধা জেনারেল হাসপাতালে দেখা গেছে, শীতজনিত রোগীর চাপে হাসপাতালটির শয্যা পূর্ণ হয়ে যাওয়ায় রোগীদের মেঝে, বারান্দা ও করিডরে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। শিশুদের জন্য নির্ধারিত ২০টি শয্যার বিপরীতে সেখানে ৪১ জন শিশু ভর্তি রয়েছে এবং সব মিলিয়ে ভর্তি রোগীর সংখ্যা ৩৫৩ জনে দাঁড়িয়েছে।
হাসপাতালটিতে ২৫০ শয্যার অবকাঠামো থাকলেও জনবল কাঠামো এখনো ১০০ শয্যার রয়ে গেছে। চিকিৎসকসহ বিভিন্ন পদে ২০৮ জনের বিপরীতে কর্মরত আছেন মাত্র ১৩১ জন এবং ৭৭টি পদ দীর্ঘদিন ধরে শূন্য। ফলে বহির্বিভাগে প্রতিদিন ৮০০ থেকে এক হাজারের বেশি রোগীর চাপ সামাল দিতে চিকিৎসক ও নার্সদের হিমশিম খেতে হচ্ছে।
চিকিৎসকেরা জানিয়েছেন, ভোর ও সন্ধ্যার পর ঠান্ডা বাড়ায় শিশুদের মধ্যে জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্টের সমস্যা প্রকট হচ্ছে। এ অবস্থায় সিভিল সার্জন ডা. রফিকুজ্জামান শীতের শুরু থেকেই শিশু ও বয়স্কদের বাড়তি যত্ন নেওয়ার পাশাপাশি ঠান্ডা ও বাসি খাবার এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন। অসুস্থতার লক্ষণ দেখা দিলে দেরি না করে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া জরুরি।
বাংলাফ্লো/এম এইচ এইচ










