লাইফ স্টাইল ডেস্ক
ঢাকা: দাঁতের ব্যথা বা বড় কোনো সমস্যা না হলে সাধারণত অনেকেই দন্ত চিকিৎসকের কাছে যেতে চান না। তবে সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে চমকপ্রদ তথ্য—মুখের ভেতরে দাঁতের সংখ্যা কমে গেলে স্মৃতিনাশ বা ডিমেনশিয়ার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। অর্থাৎ মুখে কয়টি দাঁত অবশিষ্ট রয়েছে, তার ওপর মস্তিষ্কের সচল থাকা অনেকটাই নির্ভর করে।
আমেরিকান মেডিক্যাল ডিরেক্টরস অ্যাসোসিয়েশনের জার্নালে প্রকাশিত এ গবেষণায় জাপানের তোহোকু ইউনিভার্সিটির গবেষকরাও যুক্ত ছিলেন। ২০১৩ থেকে ২০২২ সাল পর্যন্ত ৬০ বছর বা তার বেশি বয়সি প্রায় ৪৮ হাজার মানুষের ওপর চালানো সমীক্ষায় দেখা যায়, যাদের দাঁত কম তাদের মধ্যে অন্তত ৯ হাজার জন স্মৃতিনাশের রোগে আক্রান্ত হয়েছেন।
গবেষণার তথ্য অনুযায়ী, যাদের মুখে ১০ থেকে ১৯টি দাঁত রয়েছে তাদের স্মৃতিনাশের ঝুঁকি ১৪ শতাংশ বেশি। যাদের দাঁতের সংখ্যা ১ থেকে ৯টির মধ্যে, তাদের ক্ষেত্রে এ ঝুঁকি ২৭ শতাংশের বেশি। আর যাদের একটিও দাঁত অবশিষ্ট নেই, তাদের যেকোনো সময় স্মৃতিনাশে আক্রান্ত হওয়ার আশঙ্কা সবচেয়ে বেশি থাকে।
বিশেষজ্ঞরা জানান, খাবার চিবানোর সময় দাঁত, মাড়ি ও চোয়ালের পেশি থেকে স্নায়বিক সংকেত ট্রাইজেমিনাল স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কের স্মৃতিকেন্দ্র হিপ্পোক্যাম্পাসে পৌঁছায়। দাঁত কমে গেলে এই উদ্দীপনা হ্রাস পায় এবং মস্তিষ্কে রক্ত ও অক্সিজেন সরবরাহ কমে যায়। তাই সুস্থ থাকতে বছরে অন্তত দুবার দন্ত চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং মাড়ির সংক্রমণ বা রক্তপাতের চিকিৎসা করানো জরুরি।
বাংলাফ্লো/এম এইচ এইচ










