আন্তর্জাতিক ডেস্ক
ঢাকা: ২০১৭ সালে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে মিয়ানমারের সামরিক বাহিনীর অভিযান গণহত্যার শামিল ছিল কি না, সেই বিষয়ে আগামী বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রায় ঘোষণা করতে যাচ্ছে জাতিসংঘের সর্বোচ্চ আদালত। নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) এই রায়কে রোহিঙ্গা সংকটের বিচার ও জবাবদিহির ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। স্থানীয় সময় সকাল ১০টায় (বাংলাদেশ সময় দুপুর ৩টা) পিস প্যালেসে উন্মুক্ত অধিবেশনে রায় পড়া শুরু হবে।
২০১৯ সালে ৫৭ দেশের জোট ওআইসির সমর্থনে আইসিজে-তে মিয়ানমারের বিরুদ্ধে মামলাটি দায়ের করেছিল পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া। গাম্বিয়ার অভিযোগ, ২০১৭ সালের সামরিক অভিযানে হত্যা, ধর্ষণ, নির্যাতন এবং গ্রাম জ্বালিয়ে দেওয়ার মতো নৃশংসতার মাধ্যমে মিয়ানমার ১৯৪৮ সালের গণহত্যা সনদ লঙ্ঘন করেছে। ওই অভিযানের পর অন্তত ৭ লাখ ৩০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসেন, যাদের বড় অংশ এখনো কক্সবাজারের শরণার্থী শিবিরে বসবাস করছেন।
গাম্বিয়ার পাশাপাশি কানাডা, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি ও নেদারল্যান্ডসসহ ১১টি দেশ এ মামলায় হস্তক্ষেপ করেছে। তবে মিয়ানমারের জান্তা সরকার বরাবরই গণহত্যার অভিযোগ অস্বীকার করে দাবি করে আসছে যে, তাদের অভিযান কেবল বিদ্রোহী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে পরিচালিত হয়েছিল। এর আগে ২০২০ সালে আদালত মিয়ানমারকে রোহিঙ্গাদের সুরক্ষায় অন্তর্বর্তী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিলেন এবং ২০২৬ সালের জানুয়ারিতে মামলার মূল শুনানি শেষ হয়।
আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞদের মতে, এই রায় শুধু রোহিঙ্গাদের জন্যই নয়, বরং গাজায় গণহত্যার অভিযোগে ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার মামলার মতো ভবিষ্যতের অন্যান্য আন্তর্জাতিক মামলার জন্যও গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করবে। আইসিজের রায় সংশ্লিষ্ট রাষ্ট্রগুলোর জন্য আইনগতভাবে বাধ্যতামূলক এবং এর বিরুদ্ধে আপিলের সুযোগ নেই। তবে আদালতের নিজস্ব কোনো বাহিনী না থাকায় রায় বাস্তবায়নে জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।
বাংলাফ্লো/এম এইচ এইচ












