আন্তর্জাতিক ডেস্ক
ঢাকা: যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলা, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে বিঘ্ন এবং মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কার মধ্যেও বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কিছুটা কমেছে। মূলত যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেল ও জ্বালানির মজুত উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ার খবরে বাজারে এই নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। তবে মধ্যপ্রাচ্যে সরবরাহ সংকটের আশঙ্কা বড় ধরনের দরপতন ঠেকিয়ে রেখেছে।
বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, বুধবার বাংলাদেশ সময় সকাল ৭টা ৪৯ মিনিটে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১৬ সেন্ট বা ০.১৭ শতাংশ কমে ৯২ ডলার ৯৮ সেন্টে নেমে আসে। একই সময়ে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেল ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ৫৬ সেন্ট বা ০.৬৫ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮৫ ডলার ৪৫ সেন্টে দাঁড়ায়।
আমেরিকান পেট্রোলিয়াম ইনস্টিটিউটের (এপিআই) তথ্যের বরাতে বাজারসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ১৩ নভেম্বর শেষ হওয়া সপ্তাহে যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেলের মজুত বেড়েছে ৫২ লাখ ৮০ হাজার ব্যারেল। পাশাপাশি পেট্রোলের মজুত ৫১ লাখ ২০ হাজার ব্যারেল এবং ডিজেলসহ অন্যান্য পাতনজাত জ্বালানির মজুত ৩ লাখ ৫১ হাজার ব্যারেল বৃদ্ধি পেয়েছে, যা তেলের দামে নিম্নমুখী চাপ তৈরি করেছে।
অন্যদিকে, মধ্যপ্রাচ্যের চলমান সামরিক সংঘাত বৈশ্বিক তেল সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়িয়েই চলেছে। মঙ্গলবার বাহরাইনে মার্কিন সামরিক রাডার ব্যবস্থায় ইরানি ড্রোন হামলার পর যুক্তরাষ্ট্র ইরানের কেশম দ্বীপে পাল্টা হামলা চালায়। বুধবার বাহরাইনের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, দেশটিকে লক্ষ্য করে চালানো ইরানের আকাশপথের আরও হামলা তারা প্রতিহত করেছে।
এর মধ্যেই ইরানপন্থি ইয়েমেনের হুথি বিদ্রোহীরা দাবি করেছে, তারা সৌদি আরবের পূর্ব-পশ্চিম তেল পাইপলাইনের দুটি পাম্পিং স্টেশন লক্ষ্য করে পাঁচটি ড্রোন ছুড়েছে। হরমুজ প্রণালি এড়িয়ে ইয়ানবু বন্দরের মাধ্যমে তেল রপ্তানির জন্য সৌদি আরব এই পাইপলাইন ব্যবহার করে থাকে। বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান এলএসইজির মতে, বিকল্প পথে সরবরাহ কিছুটা পুনরুদ্ধার হলেও হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক হওয়ার লক্ষণ এখনো নেই; ফলে তেলের দাম এখনো চড়া অবস্থানেই রয়েছে।
বাংলাফ্লো/এম এইচ এইচ












