আন্তর্জাতিক ডেস্ক
ঢাকা: দক্ষিণ এশিয়া ও উপমহাদেশ অঞ্চল থেকে সন্ত্রাসবাদ নির্মূল করার লক্ষ্যে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে ভারতের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহ প্রকাশ করেছে পাকিস্তান। এই আলোচনা এবং তথ্য-প্রমাণ উপস্থাপনের প্রক্রিয়া দ্বিপাক্ষিক পর্যায়ে হতে পারে, আবার কোনো বহুপাক্ষিক ফোরাম ব্যবহার করেও করা যেতে পারে বলে জানিয়েছে ইসলামাবাদ।
ভারত সফরে গিয়ে নয়াদিল্লিতে একাধিক ভারতীয় সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে এ প্রস্তাব তুলে ধরেন পাকিস্তানের কেন্দ্রীয় পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মুসাদ্দিক মালিক। সাংহাই কো-অপারেশন কাউন্সিলের (এসসিও) সম্মেলনে যোগ দিতে গত ২০ নভেম্বর ভারতে গিয়েছিলেন তিনি এবং ২২ নভেম্বর সফর শেষে দেশে ফেরার আগে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন।
পাকিস্তানি মন্ত্রী বলেন, তার দেশ সন্ত্রাসবাদের একটি স্থায়ী সমাধান চায়; কেবল উসকানি বাড়ায় এমন কোনো আলোচনা ইসলামাবাদ চায় না। তার ভাষায়, যখনই দুই দেশের মধ্যে আলোচনা হবে, তা অবশ্যই সুনির্দিষ্ট তথ্য ও প্রমাণের ভিত্তিতে হওয়া উচিত এবং এ ধরনের গঠনমূলক সংলাপ হওয়া জরুরি।
মুসাদ্দিক মালিক আরও উল্লেখ করেন, পাকিস্তান বারবার দ্বিপাক্ষিক বা বহুপাক্ষিক মঞ্চে তথ্য-প্রমাণ উপস্থাপনের প্রস্তাব দিয়ে আসছে, যাতে উভয় দেশ স্বচ্ছতার সঙ্গে বিষয়গুলো খতিয়ে দেখতে পারে। সন্ত্রাসবাদের কারণে পাকিস্তান, ইরান ও আফগানিস্তানসহ পুরো অঞ্চল ক্ষতিগ্রস্ত হয়েছে দাবি করে তিনি বলেন, সবচেয়ে বেশি প্রাণহানি ও ক্ষতির শিকার হয়েছে পাকিস্তানই, তাই এই হুমকি পুরোপুরি নির্মূলে আঞ্চলিক সহযোগিতা অপরিহার্য।
বাংলাফ্লো/এম এইচ এইচ












