বিনোদন ডেস্ক
ঢাকা: শুটিং সেটে যৌন হেনস্তার শিকার হয়েছিলেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর। তবে ঘটনাটি ঘটার সময় তিনি বুঝতেই পারেননি তার সঙ্গে কী ঘটেছিল; কারণ অভিযুক্ত পরিচালক তাকে শারীরিকভাবে স্পর্শ করেননি। ২০১১ সালে ‘তনু ওয়েডস মনু’ সিনেমার শুটিংয়ে এমন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ভারতের মধ্যপ্রদেশের পাচমাড়িতে সিনেমাটির আউটডোর শুটিংয়ের সেই তিক্ত অভিজ্ঞতার কথা জানান স্বরা। তিনি বলেন, বহু বছর পর ‘মিটু’ আন্দোলনের সময় অন্য নারীদের অভিজ্ঞতা শুনে তিনি নিজের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার প্রকৃত অর্থ বুঝতে পারেন এবং উপলব্ধি করেন সেটিও ছিল যৌন হেনস্তা।
স্বরার ভাষ্য, কর্মক্ষেত্রে যৌন হেনস্তা মানেই কেবল শরীরে হাত দেওয়া বা জোরপূর্বক শারীরিক সম্পর্ক নয়। কারও অশালীন মন্তব্য, যৌন ইঙ্গিতপূর্ণ কথা কিংবা অনাকাঙ্ক্ষিত আচরণের মাধ্যমেও একজন নারী হেনস্তার শিকার হতে পারেন। নিজের অভিজ্ঞতাকে তিনি ‘পাঠ্যবইয়ে লেখা যৌন হেনস্তার উদাহরণ’ হিসেবে অভিহিত করেন।
পরিচালকের আচরণের সুনির্দিষ্ট বিবরণ না দিলেও স্বরা জানান, ওই সময় তিনি ইন্ডাস্ট্রিতে নতুন ছিলেন এবং বয়সও ছিল কম। নিজের কোনো ব্যক্তিগত টিম না থাকায় এবং পরিচিতি কম হওয়ায় কাজ ছেড়ে দেওয়ার মতো অবস্থায় তিনি ছিলেন না, ফলে নিজেকে খুব অসহায় মনে হয়েছিল।
তবে সেই কঠিন সময়ে তার পাশে দাঁড়িয়েছিলেন সিনেমাটির নির্বাহী প্রযোজক। তাকে পুরো ঘটনা খুলে বলার পর তার সহযোগিতায় শুটিংয়ের বাকি দিনগুলো তুলনামূলক স্বস্তিতে কাটাতে পেরেছিলেন বলে জানান অভিনেত্রী।
বাংলাফ্লো/এম এইচ এইচ












