জেলা প্রতিনিধি
গাজীপুর: শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের জেরে গাজীপুরে ১৭টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে সোমবার (১৬ নভেম্বর) দুটি কারখানায় এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে ১২ প্লাটুন বিজিবি ও ৬ প্লাটুন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে বলে সকালে জানান গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন।
তিনি জানান, ক্রমাগত অসন্তোষের কারণে শ্রম আইন অনুযায়ী ১৭টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়েছে, তবে কারখানা কর্তৃপক্ষ যেকোনো সময় এগুলো খুলে দিতে পারে। এর আগে সকালে মহানগরীর কোনাবাড়ী এলাকায় এ বি এম ফ্যাশন ও যমুনা কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে কারখানার বাইরে অবস্থান নেন এবং একপর্যায়ে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে কোনাবাড়ী-কাশিমপুর সড়ক অবরোধ করেন।
খবর পেয়ে পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ জানালে তারা উত্তেজিত হয়ে ওঠেন। পরে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেওয়া হলে তারা সড়ক ছেড়ে চলে যান এবং পরিস্থিতি স্বাভাবিক হয়।
শিল্প পুলিশ জানায়, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে গত কয়েক সপ্তাহ ধরে গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিকেরা বিক্ষোভ ও কর্মবিরতি পালন করছেন। এর জেরে বিভিন্ন এলাকায় কারখানায় ছুটি ঘোষণা এবং কোথাও কোথাও উৎপাদন বন্ধ রাখা হয়েছে।
৬৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. খালেকুজ্জামান জানান, গাজীপুরে নিরাপত্তা নিশ্চিত করতে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। পাশাপাশি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিব জানান, শিল্পাঞ্চলে অন্যান্য বাহিনীর সঙ্গে ৬ প্লাটুন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। উল্লেখ্য, গাজীপুরে ছোট-বড় ৫ হাজার ২০০টি কারখানার মধ্যে দুই হাজারের বেশি অনুমোদিত তৈরি পোশাক কারখানা এবং ৯০০টির বেশি রপ্তানিমুখী কারখানা রয়েছে।
বাংলাফ্লো/এম এইচ এইচ












