বাংলাফ্লো প্রতিবেদক
ঢাকা: দেশের ১৮ কোটি মানুষের জন্য নিরাপদ পানি নিশ্চিত করতে বিভিন্ন আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থার সঙ্গে সমন্বিতভাবে প্রায় ২ দশমিক ১ বিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৫ হাজার কোটি টাকা)-এর একটি মেগা প্রকল্প গ্রহণের বিষয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সচিবালয়ে ইউনিসেফ, বিশ্বব্যাংক ও ওয়াটার এইডের প্রতিনিধি দলের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘পানির অপর নাম জীবন। কিন্তু সেই পানি যদি দূষিত বা জীবাণুপূর্ণ হয়, তবে তা মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। দেশের ১৮ কোটি মানুষের কাছে বিশুদ্ধ ও নিরাপদ খাবার পানি পৌঁছে দেওয়া বর্তমান সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার।’ তিনি উদ্বেগ প্রকাশ করে জানান, উজানে পানি প্রত্যাহারের ফলে নদীগুলো শুকিয়ে গিয়ে উত্তরাঞ্চলে যেমন মরুকরণ বা ডেজারটিফিকেশন হচ্ছে, তেমনি পানির প্রবাহ কমে যাওয়ায় দক্ষিণাঞ্চলে সমুদ্রের লবণাক্ত পানি উঠে এসে সুপেয় পানির তীব্র সংকট তৈরি করেছে।
ড. মঈন খান আরও জানান, লিড মিনিস্ট্রি হিসেবে স্থানীয় সরকার বিভাগ জাতিসংঘ, ইউনিসেফ, বিশ্বব্যাংক ও ওয়াটার এইডের মতো আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে নিয়ে সম্মিলিতভাবে এই বৃহৎ প্রকল্প বাস্তবায়নের রূপরেখা ও অর্থায়নের পরিকল্পনা চূড়ান্ত করছে, যাতে তৃণমূল পর্যায় পর্যন্ত প্রতিটি নাগরিকের জন্য নিরাপদ খাবার পানি নিশ্চিত করা যায়।
বাংলাফ্লো/এম এইচ এইচ











