বিনোদন ডেস্ক
ঢাকা: একের পর এক বিতর্কে জড়াচ্ছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা সাঈদুর রহমান পাভেল। সম্প্রতি আপত্তিকর ভিডিও ভাইরালের রেশ কাটতে না কাটতেই এবার তার বিরুদ্ধে শুটিংয়ের শিডিউল ফাঁসানোর গুরুতর অভিযোগ তুলেছেন নির্মাতা মানসুর আলম নির্ঝর। রোববার মধ্যরাতে পাভেলের বাসার সামনে সংবাদ সম্মেলন করে ক্ষতিপূরণ ও ক্ষমা প্রার্থনার দাবি জানিয়েছেন এই পরিচালক।
নির্মাতা জানান, গত ১২ নভেম্বর থেকে ‘হাঙ্গামা’ নামের একটি নতুন ধারাবাহিক নাটকের শুটিং শুরু হয়। এর আগে ১৫ নভেম্বর ১৫ জন সিনিয়র শিল্পীসহ পুরো ইউনিট সেটে উপস্থিত থাকলেও পাভেল যাননি। সে সময় পারিবারিক সমস্যার কথা বলে ক্ষমা চাইলে বিষয়টি ছাড় দেওয়া হয়েছিল।
কিন্তু পরবর্তী সময়ে দুদিন শুটিং করার পর ফের সেটে অনুপস্থিত থাকেন পাভেল। সকাল ১১টা থেকে রাত ১টা পর্যন্ত নির্মাতা ও সহকারী পরিচালক মিলে শতাধিকবার ফোন করেও তার সাড়া পাননি। মেসেজ সিন করলেও কোনো উত্তর দেননি তিনি, এমনকি তার মায়ের সাথেও যোগাযোগ করে সমাধান মেলেনি।
নির্মাতা নির্ঝরের দাবি, ধারাবাহিক নাটকটির একাধিক পর্বে পাভেলের দৃশ্য থাকায় কন্টিনিউটি নষ্ট হয়েছে এবং পুরো অংশ পুনরায় শুটিং করতে হবে। এর ফলে সেট ও ৬০ জনের টিমের পেছনে প্রায় ১৮ থেকে ২০ লাখ টাকার ক্ষতির সম্মুখীন হয়েছেন তিনি।
ঘটনাটি ইতোমধ্যে ডিরেক্টরস গিল্ড, অ্যাক্টরস ইকুইটি এবং সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে। ক্ষুব্ধ নির্মাতা সাফ জানিয়ে দিয়েছেন, পাভেল সব টাকা ফিরিয়ে দিলেও ভবিষ্যতে তিনি আর কখনো এই অভিনেতার সাথে কাজ করবেন না।
বাংলাফ্লো/এম এইচ এইচ









