বিনোদন ডেস্ক
ঢাকা: বলিউডের প্রভাবশালী অভিনেতা সালমান খান বরাবরই নিজের মেজাজ ও স্টাইলের জন্য পরিচিত। তবে এবার সেই ‘ভাইজান’ নিজেই ফোন করে ক্ষমা চাইলেন নিজের চেয়ে বয়সে অনেক ছোট অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের কাছে। বক্স অফিসে দুই তারকার সিনেমার মুক্তি একই দিনে পড়ে যাওয়ায় এমন সৌজন্যতা দেখিয়েছেন তিনি।
জানা গেছে, আগামী ৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে শ্রদ্ধা কাপুর অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ইথা’। কিন্তু আকস্মিকভাবে একই তারিখে সালমান খানের নতুন সিনেমা ‘মাতৃভূমি’ মুক্তির ঘোষণা দেওয়া হয়। তারিখ ঘোষণার সময় শ্রদ্ধার ছবির মুক্তির বিষয়টি সালমানের জানা ছিল না বলে দাবি করেছেন অভিনেতা।
বিষয়টি জানার পরপরই শ্রদ্ধাকে ফোন করে নিজের অনুশোচনা প্রকাশ করেন সালমান খান। তিনি বলেন, আগে জানা থাকলে কখনোই শ্রদ্ধার সিনেমার সাথে একই দিনে নিজের ছবি মুক্তি দিতেন না। ছোটবেলা থেকে শ্রদ্ধাকে বড় হতে দেখেছেন উল্লেখ করে সালমান জানান, এই অপ্রত্যাশিত পরিস্থিতির জন্য তিনি সত্যিই দুঃখিত।
সালমানের এই আন্তরিক আচরণকে ইতিবাচকভাবেই গ্রহণ করেছেন শ্রদ্ধা কাপুর। শুধু ক্ষমা চাওয়াই নয়, নিজের ‘মাতৃভূমি’র পাশাপাশি দর্শকদের শ্রদ্ধার ‘ইথা’ সিনেমাটিও দেখার আহ্বান জানিয়েছেন বলিউড সুপারস্টার।
উল্লেখ্য, সালমানের ‘মাতৃভূমি’র প্রাথমিক নাম ছিল ‘ব্যাটল অব গালওয়ান’, যা ভারত-চীন কূটনৈতিক জটিলতার কারণে পরিবর্তন করা হয়। অন্যদিকে লক্ষ্মণ উটেকর পরিচালিত ‘ইথা’ সিনেমাটি প্রখ্যাত মরাঠি লোকশিল্পী বিঠাবাঈ ভাঊ মাঙ্গ নারায়ণগাওকরের জীবনী অবলম্বনে নির্মিত হয়েছে।
বাংলাফ্লো/এম এইচ এইচ










