বাংলাফ্লো প্রতিবেদক
ঢাকা: অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে ভারতের সঙ্গে আসন্ন আলোচনা ও দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশের অবস্থান অত্যন্ত স্পষ্ট বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি জোর দিয়ে বলেন, আন্তর্জাতিক আইন ও কার্যকর কূটনৈতিক যোগাযোগের মাধ্যমেই বাংলাদেশ তার ন্যায্য পাওনা আদায়ে আপসহীনভাবে কাজ করে যাবে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে ঢাকায় বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) আয়োজিত ‘পানির ভবিষ্যৎ নিয়ে নতুন ভাবনা : তরুণ নেতৃত্ব, ন্যায়বিচার ও সহযোগিতা’ শীর্ষক এক সেমিনারে তিনি এসব কথা বলেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, অতীতে অবৈধ প্রক্রিয়ার মধ্য দিয়ে ক্ষমতায় আসা সরকার জনগণের সঠিক প্রতিনিধিত্ব করতে পারেনি বলেই ভারতের কাছ থেকে পানির ন্যায্য হিস্যা আদায়ে ব্যর্থ হয়েছে। তবে বর্তমান নির্বাচিত সরকার দেশের সার্বভৌম স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিচ্ছে।
হুমায়ুন কবির আরও জানান, পানি বণ্টন নিয়ে কার্যকর সংলাপ শুরু করতে বাংলাদেশ ইতোমধ্যে একটি কমিটি গঠন করেছে এবং সেখানে ভারতীয় পক্ষের প্রতিনিধিদের নাম চাওয়া হয়েছে। খুব শিগগিরই ভারতের পক্ষ থেকে ইতিবাচক সাড়া পাওয়া যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি উল্লেখ করেন, এই সংলাপ গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নের পথকে সুগম করবে; তবে এ প্রক্রিয়া একতরফা হতে পারে না, প্রতিবেশী রাষ্ট্রকেও সমপর্যায়ের সদিচ্ছা ও সহযোগিতা নিয়ে এগিয়ে আসতে হবে।
বাংলাফ্লো/এম এইচ এইচ












