বাংলাফ্লো প্রতিবেদক
ঢাকা: শিক্ষার্থীদের ভবিষ্যৎ প্রযুক্তিনির্ভর বিশ্বের জন্য প্রস্তুত করতে রাজধানীর মোহাম্মদপুরের বসিলা এলাকায় নতুন একটি প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের ঘোষণা দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। শনিবার (২২ আগস্ট) দুপুরে বসিলায় ফিরোজা বাশার আইডিয়াল কলেজে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘মোহাম্মদপুরকে ঢাকার শিক্ষার কেন্দ্রবিন্দু হিসেবে আরও উন্নত করতে কাজ করা হচ্ছে। আমরা সম্পূর্ণ নতুন একটি যুগের মুখোমুখি দাঁড়িয়ে আছি। নতুন এআই (AI) প্রযুক্তিসহ বিভিন্ন অত্যাধুনিক প্রযুক্তির কারণে ভবিষ্যতে অনেক পুরোনো পেশা বিলুপ্ত হয়ে যাবে, আবার নতুন অনেক সুযোগ তৈরি হবে।’ তিনি আরও জানান, শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তিতে দক্ষ করে তুলতেই বসিলার এই প্রস্তাবিত প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের উৎসাহিত করতে একটি ‘গভর্ন্যান্সবিষয়ক’ প্রতিযোগিতার ঘোষণাও দেন ববি হাজ্জাজ। তিনি জানান, অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। প্রথম পুরস্কার হিসেবে থাকবে এক লাখ টাকার বেশি, পাশাপাশি দ্বিতীয় ও তৃতীয় পুরস্কারও রয়েছে। সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো, বিজয়ীদের একদিনের জন্য ‘শ্যাডো মিনিস্টার’ ও ‘শ্যাডো এমপি’ হিসেবে কাজ করার সুযোগ দেওয়া হবে।
অনুষ্ঠান শেষে ফিরোজা বাশার আইডিয়াল কলেজ থেকে শতভাগ পাসের হারে (২৬৬ জন শিক্ষার্থী) কৃতিত্ব অর্জনকারীদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়। কলেজটির প্রতিষ্ঠাতা ও গভর্নিং বডির সদস্য মোহাম্মদ ফিরোজ মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, মোহাম্মদপুর থানা প্রাথমিক শিক্ষা অফিসার নাইয়ার সুলতানা এবং থানা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. রাজু আহমেদসহ আরও অনেকে।
বাংলাফ্লো/এম এইচ এইচ











