বিনোদন ডেস্ক
ঢাকা: অভিনয়ের জাদুতে দর্শকদের মন জয় করার পর এবার আন্তর্জাতিক পুরস্কারের মঞ্চে নতুন পরিচয়ে হাজির হলেন দক্ষিণ ভারতীয় জনপ্রিয় অভিনেতা বিজয় সেতুপতি। ৫৪তম আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ডসের মঞ্চে প্রথমবারের মতো উপস্থাপক হিসেবে অভিষেক ঘটেছে তার।
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের হিল্টন মিডটাউনে স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় বসে আন্তর্জাতিক টেলিভিশন অঙ্গনের এই মর্যাদাপূর্ণ আসর। অভিনেতা মাইকেল ইউরোর সঞ্চালনায় অনুষ্ঠানে ১৬টি বিভাগে মোট ৬৪ জন মনোনীত হয়েছিলেন। সেখানে কনস্ট্যান্স জিমার, সেলিয়া ইমরি ও জে ফ্যারোর মতো বিশ্বতারকাদের সঙ্গে উপস্থাপকের দায়িত্ব পালন করেন বিজয়।
অনুষ্ঠানের লালগালিচায় বিজয় সেতুপতির রাজকীয় উপস্থিতি ও পোশাক সবার নজর কেড়েছে। ডান কাঁধ ও বাঁ পাশের পকেটের কাছে সূক্ষ্ম সোনালি নকশা করা একটি কালো ব্লেজারে সেজেছিলেন এই অভিনেতা, যা অনুষ্ঠানে আলাদা মাত্রা যোগ করে।
এদিকে এবারের আন্তর্জাতিক এমির প্রতিযোগিতামূলক বিভাগে ভারতের প্রতিনিধিত্ব থাকলেও পুরস্কার জেতা হয়নি। নেটফ্লিক্সের স্ট্যান্ড-আপ কমেডি ‘বীর দাস: ফুল ভলিউম’-এর জন্য কৌতুকশিল্পী বীর দাস তৃতীয়বারের মতো মনোনয়ন পেলেও শেষ পর্যন্ত খালি হাতে ফিরতে হয়েছে।
অন্যদিকে নাটক ও ক্রীড়া তথ্যচিত্র বিভাগে সোনিলিভের ‘রিয়েল কাশ্মীর ফুটবল ক্লাব’ মনোনয়ন পেয়েছিল। পুরস্কার না এলেও বিশ্বমঞ্চে উপস্থাপক হিসেবে বিজয় সেতুপতির এই নতুন পথচলা ভারতীয় বিনোদন অঙ্গনের জন্য এক বিশেষ অর্জন হিসেবে দেখা হচ্ছে।
বাংলাফ্লো/এম এইচ এইচ










